২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় হকির পৃষ্ঠপোষক এটিএন বাংলা

এবারের জাতীয় হকির পৃষ্ঠপোষক এটিএন বাংলা। প্রতিযোগিতার নাম পাল্টে হবে এটিএন বাংলা গোল্ডকাপ হকি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2013, 02:46 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

হকি ফেডারেশনের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি করেছে এটিএন বাংলা। পাঁচ বছরের চুক্তিতে প্রতি বছর ২০ লাখ টাকা করে দেবে তারা।

হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মো. ইনামুল বারীর মুখপাত্র উইং কমান্ডার রাফিউল হক বলেন, “এটিএন বাংলা অনেক দিন ধরেই হকির পাশে আছে। জাতীয় হকির পৃষ্ঠপোষকতার মাধ্যমে তাদের সঙ্গে হকির সম্পর্ক আরো গভীর হচ্ছে।”

এত দিন জাতীয় হকি ঢাকায় সীমাবদ্ধ থাকলেও এবার দেশ জুড়ে এই প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে হকি ফেডারেশন। প্রাথমিক পর্ব হবে ৭টি বিভাগে। প্রাথমিক পর্ব পেরিয়ে আসা দলগুলোকে নিয়ে ঢাকায় হবে চূড়ান্ত পর্ব। জাতীয় হকির মতো উপজাতি হকি প্রতিযোগিতারও নতুন নাম হতে যাচ্ছে। আগামী ২১ মে থেকে রাঙামাটিতে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার নাম ‘পার্বত্য হকি’। গতবারের মতো এবারো পাঁচটি দল নিয়ে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। গত ফেব্রুয়ারিতে বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বে সাফল্য পাওয়া জাতীয় দলকে সংবর্ধনা দিতে যাচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। রাফিউল হক বলেন, “কয়েক দিনের মধ্যে একটি অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় দলকে সংবর্ধনা দেবে প্রতিষ্ঠানটি।”