২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারোত্তোলনে আনসারের সাফল্য

শনিবার বাংলাদেশ গেমস ভারোত্তোলনে চারটি জাতীয় রেকর্ড হয়েছে। এর মধ্যে তিনটিই মহিলাদের বিভাগে এবং তিন জনই বাংলাদেশ আনসারের খেলোয়াড়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 02:30 PM

Updated : 25 Apr 2022, 06:40 PM

৫৩ কেজি ওজন শ্রেণীতে মাবিয়া আক্তার সীমান্ত, ৫৮ কেজিতে ফাহিমা আক্তার ময়না ও ৬৩ কেজিতে শাহরিয়া সুলতানা সোনা জয়ের পথে রেকর্ড গড়েছেন। অন্য রেকর্ডটি বাংলাদেশ সেনাবাহিনীর মইনুল ইসলামের, পুরুষদের ৮৫ কেজি ওজন শ্রেণীতে।

মাবিয়া তুলেছেন ১৩৯ কেজি ওজন। এর মধ্যে স্ন্যাচ ৬০ ও জার্ক ৭৯ কেজি। রুপা জিতেছেন বিকেএসপির রিমু আক্তার, ব্রোঞ্জ নড়াইলের নাজমা আক্তারের।

ফাহিমার উত্তোলন ১৫৮ কেজি। যার মধ্যে স্ন্যাচ ৬৮ কেজি, জার্ক ৯০ কেজি। ফাহিমার পেছনে থেকে রুপা পেয়েছেন বিজেএমসির লাবনী আক্তার। এই ইভেন্টে ব্রোঞ্জ কাউকে দেয়া হয়নি।

রেকর্ড গড়ে ফাহিমা খুবই খুশি। তিনি বলেন, “শুরু থেকেই রেকর্ড গড়ার লক্ষ্য ছিল আমার। সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি আর তার সুফলও পেয়েছি।”

রেকর্ড গড়ার পথে ৬৮ কেজি স্ন্যাচ এবং ৯২ কেজি জার্ক সহ ১৬০ কেজি ওজন তুলেছেন শাহরিয়া। রুপা বিজেএমসির লামিয়া আক্তার ও ব্রোঞ্জ সেনাবাহিনীর জয়িতা আক্তার রুনার।

শাহরিয়া বলেন, “মাঝে খেলা ছেড়ে কোচিংয়ে মনযোগ দিয়েছিলাম। প্রধান বিচারক হিসাবে কয়েকটি ইভেন্ট পরিচালনাও করেছি। বাচ্চার দেখা-শোনার জন্য খেলায় ছেদ পড়েছিল। ফিরে এসে রেকর্ড গড়তে পেরে ভালোই লাগছে। এই সাফল্য ভবিষ্যতে আরো ভালো করার অনুপ্রেরণা যোগাবে।”

মইনুল রেকর্ড গড়েছেন ২৬০ কেজি ওজন তুলে। তার পেছনে থেকে রুপা সেনাবাহিনীরই আজিজুর রহমানের, রাজশাহীর আমিনুল ইসলামের ব্রোঞ্জ।৯৪ কেজি ওজন শ্রেণীতেও সেনাবাহিনীকে সোনা এনে দিয়েছেন আব্দুল্লাহ আল মুমিন। আনসারের ফরিদ আলী রুপা এবং বাংলাদেশ জেলের রাজিবুর রহমান ব্রোঞ্জ পেয়েছেন।