শূটিংয়ে রাব্বির চমক
বাংলাদেশ গেমস শূটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতে সবাইকে চমকে দিয়েছেন বিকেএসপির রাব্বি হাসান। জাতীয় পর্যায়ে এটাই তার প্রথম সোনা।
শুক্রবার গুলশান শূটিং কমপ্লেক্সে শিরোপা জয়ের পথে ২০৪.১ স্কোর করেন রাব্বি। তীব্র লড়াই করলেও ২০৩.৬ স্কোর করে রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ঢাকা রাইফেল ক্লাবের আব্দুল্লাহ হেল বাকিকে। ব্রোঞ্জ কুমিল্লা রাইফেল ক্লাবের মাহমুদুল হাসানের (১৮২.১)।
এই সাফল্যে উচ্ছ্বসিত রাব্বি। তিনি বলেন, “শুরু থেকেই ভালো কিছু করার চেষ্টা করেছি। তবে এতটা ভালো করবো তা ভাবিনি। ভাগ্যের সহায়তায় এই সাফল্য পেয়েছি।”
“আশা করি এই সাফল্য ভবিষ্যতে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টা করবো এখন থেকে।”
এই ইভেন্টে ২০০২ সালের কমনওয়েলথ গেমসে সোনা জয়ী আসিফ হোসেন খানের অনেক দিন ধরে প্রাধান্য ছিল। তবে এবার তিনি প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন।
নিজের ব্যর্থতা প্রসঙ্গে আসিফ বলেন, “কিছু দিন ধরে ঘাড়ের চোটে ভুগছি। চোট নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়ায় ভালো করা সম্ভব হয়নি।”
দিনের আরেক ইভেন্ট ৫০ মিটার পিস্তলে সোনা জিতেছেন আর্মি শূটিং অ্যাসোসিয়েশনের নাদিমুল ইসলাম। একই দলের মহেন্দ্র কুমার সিংয়ের রুপা এবং ইকবাল হোসেনের ব্রোঞ্জ।
