২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউর ২০তম লিগ শিরোপা

চার ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার রবিন ফন পার্সির হ্যাটট্রিকের সুবাদে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারানোয় ২০তম শিরোপা জয় নিশ্চিত হয়ে গেছে তাদের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 08:57 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

আগের দিন গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে যাওয়ায় ম্যান ইউর সামনে এসে যায় সুবর্ণ সুযোগ। অ্যাস্টন ভিলাকে হারালেই চ্যাম্পিয়ন, ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে এই সমীকরণ মাথায় নিয়ে খেলতে নেমে প্রথম গোলের জন্য একটুও অপেক্ষা করতে হয়নি ইংলিশ লিগের সবচেয়ে সফল দলকে।

মাত্র দ্বিতীয় মিনিটেই ম্যান ইউকে এগিয়ে দেন ফন পার্সি। ১৩ মিনিটের সময় আবার তার গোল। ৩৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে খেলার ফলাফল, শিরোপা সব কিছুর মীমাংসা করে দেয়ার কৃতিত্বও ডাচ স্ট্রাইকারের।

৩৪ ম্যাচ থেকে অ্যালেক্স ফার্গুসনের দলের সংগ্রহ ৮৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যান সিটি।