২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব আশা শেষ ম্যান সিটির

৭ মিনিটের ‘ঝড়ে’ ম্যানচেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার ক্ষীণ আশাও শেষ। এগিয়ে গিয়েও টটেনহ্যাম হটস্পারের মাঠ থেকে ৩-১ গোলের হার নিয়ে ফেরায় গতবারের চ্যাম্পিয়নরা শিরোপা এক রকম তুলে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের হাতে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 21 Apr 2013, 06:07 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

সোমবার ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে হারাতে পারলে চার ম্যাচ হাতে রেখেই ২০তম শিরোপা ঘরে তুলবে ম্যান ইউ। ৩৩ ম্যাচ থেকে অ্যালেক্স ফার্গুসনের দলের সংগ্রহ ৮১ পয়েন্ট। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যান সিটি।

রোববারের আরেক ম্যাচে লিভারপুলের সঙ্গে ২-২ গোলে ড্র করা চেলসি ৬২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। তৃতীয় স্থানে আর্সেনাল (৩৪ ম্যাচে ৬৩ পয়েন্ট), আর টটেনহ্যাম (৩৩ ম্যাচে ৬১) পঞ্চম।

হোয়াইট হার্ট লেনে পঞ্চম মিনিটেই সামির নাসরির গোলে এগিয়ে যাওয়া ম্যান সিটি জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র ৭ মিনিটের ব্যবধানে তিন গোল খেয়ে চুরমার হয়ে যায় সেই স্বপ্ন।

৭৫ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান ক্লিন্ট ডেম্পসি। এরপর ৭৯ ও ৮২ মিনিটে জার্মেইন ডেফো ও গ্যারেথ বেলের লক্ষ্যভেদ ঘরের মাঠে দারুণ এক জয় এনে দেয় টটেনহ্যামকে।

লিভারপুলের অ্যানফিল্ডে ২৬ মিনিটে অস্কারের গোলে এগিয়ে যায় চেলসি। ৫২ মিনিটে সমতা নিয়ে আসেন ড্যানিয়েল স্টুরিজ।

৫ মিনিট পর পেনাল্টি থেকে আবার অতিথিদের এগিয়ে দেন এডেন হ্যাজার্ড। ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে লুই সুয়ারেজের গোলে হার এড়ায় লিভারপুল।