আবাহনী-মোহামেডান লড়াই রোববার
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
পেশাদার লিগে এর আগে ১১ বার মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এর মধ্যে আবাহনী জিতেছে ৪ বার, মোহামেডান ২ বার, বাকি ৫ ম্যাচ ড্র।
লিগের প্রথম লেগে আবাহনী ২-০ গোলে জিতেছিল।
পরিসংখ্যানের মতো এ মৌসুমে কাগজে-কলমেও মোহামেডানের চেয়ে এগিয়ে আছে আবাহনী। পয়েন্ট টেবিলেও দু দলের মধ্যে বড় ব্যবধান।
১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে মোহামেডানের অবস্থান চতুর্থ। তবে শিরোপার লড়াই থেকে অনেক আগেই ছিটকে পড়েছে তারা।
তবু আবাহনীর ইরানী কোচ আরদেশিয়ার পুর্নেমাতের কপালে দুশ্চিন্তার ভাঁজ। তিনি বলেন, “শিরোপার দৌড় থেকে ছিটকে পড়ায় মোহামেডানের আর হারানোর কিছু নেই। তাই তারা এখন বিপজ্জনক দল। তাছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী হওয়ায় তারা নিশ্চয়ই আবাহনীকে একটুও ছাড় দেবে না।”
অন্যদিকে মোহামেডানের কোচ সাইফুল বারী টিটু নির্দ্বিধায় এগিয়ে রাখছেন আবাহনীকে। তিনি বলেন, “শক্তিতে আবাহনী আমাদের চেয়ে অনেকখানি এগিয়ে। তবে মর্যাদার লড়াই বলে আশা করি ছেলেরা নিজেদের উজাড় করে দিয়ে খেলবে।”
চোট সমস্যা নিয়ে আবাহনী ভীষণ দুশ্চিন্তায়। দুই নির্ভরযোগ্য খেলোয়াড় ডিফেন্ডার সামাদ ইউসুফ ও মিডফিল্ডার প্রাণতোষ কুমার চোটের কারণে না-ও খেলতে পারেন রোববার।
মোহামেডান এদিক দিয়ে নির্ভার। তাদের দলে কোনো চোট সমস্যা নেই।
