সেমিফাইনালের পথে চেলসি
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসি ঘরের মাঠে ৩-১ গোলে রাশিয়ার রুবিন কাজানকে হারিয়েছে।
তবে ইংল্যান্ডের অন্য দুই দল টটেনহ্যাম হটস্পার ও নিউক্যাসল ইউনাইটেড জিততে পারেনি। স্বাগতিক টটেনহ্যাম ২-২ গোলে ড্র করেছে সুইজারল্যান্ডের বাসেলের সঙ্গে। আর পর্তুগালের বেনফিকার মাঠ থেকে ৩-১ গোলের হার নিয়ে ফিরেছে নিউক্যাসল।
আরেক ম্যাচে তুরস্কের ফেনারবাচে ঘরের মাঠে ২-০ গোলে জিতেছে ইতালির লাৎসিওর বিপক্ষে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম চ্যাম্পিয়ন হিসাবে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে ইউরোপের দ্বিতীয়-সেরা ক্লাব টুর্নামেন্টে খেলতে বাধ্য হওয়া চেলসির তিন গোলের দুটো করেন স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো তোরেস, অন্যটি নাইজেরীয় মিডফিল্ডার ভিক্টর মোজেসের।
বেনফিকার মাঠে ১২ মিনিটে প্যাপিস সিসের গোলে এগিয়েও জিততে পারেনি নিউক্যাসল। রড্রিগো মোরেনো, রড্রিগো লিমা ও অস্কার কর্দোজার গোলে পর্তুগিজ-কিংবদন্তি ইউসেবিওর সাবেক ক্লাব সহজ জয় পায় শেষ পর্যন্ত।
হোয়াইট হার্ট লেনে ৩৪ মিনিটের মধ্যে ০-২ দুই গোলে পিছিয়ে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল টটেনহ্যাম। তবে ৪০ মিনিটে ইমানুয়েল আদেবায়োর ও ৫৮ মিনিটে জিলফি সিগুর্ডসনের গোলে হার এড়ায় ‘স্পার্স’ নামে পরিচিত দলটি।
লাৎসিওর বিপক্ষে ফেনারবাচের দুই গোলদাতা ক্যামেরুনের স্ট্রাইকার পিয়েরে ওয়েবো ও নেদারল্যান্ডসের স্ট্রাইকার ডার্ক কাইট।
কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ হবে আগামী বৃহস্পতিবার।
