স্বাধীনতা কাপ জয়ের লড়াই
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। ঐ ম্যাচ ২-১ গোলে জিতে প্রথম কোনো বড় টুর্নামেন্ট জয়ের আনন্দে মেতে উঠেছিল শেখ রাসেল।
শেখ রাসেলের কোচ মারুফুল হক সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, “এবার দল গড়ার পরই সবগুলো শিরোপা জয়ের লক্ষ্য স্থির করেছিলাম আমরা। আশা করি স্বাধীনতা কাপ জিতে দ্বিতীয় শিরোপাও ঘরে তুলতে পারব। যদিও শেখ জামালকে হারানো সহজ নয়।”
লক্ষ্য পূরণের পথে একটি বিষয় নিয়ে মারুফ বেশ দুশ্চিন্তায়। তিনি বলেন, “মঙ্গলবার আমাদের পাঁচ দিনের মধ্যে তৃতীয় ম্যাচ খেলতে হবে। এটা একটা বড় সমস্যা। আমাদের দলের খেলোয়াড়রা ভীষণ পরিশ্রান্ত। তাই খেলাটা অতিরিক্ত সময়ে গড়ালে সমস্যা হবে।”
মৌসুমের সব টুর্নামেন্ট জয়ের লক্ষ্য চাপ কিনা জানতে চাইলে মারুফ বলেন, “আমি চাপ উপভোগ করি। আমার কাছে এটা এক ধরনের চ্যালেঞ্জ। খেলোয়াড়রাও চাপ উপভোগ করে।”
শেখ জামালের নাইজেরীয় কোচ জোসেফ আফুসি বলেন, “শেখ রাসেল কঠিন প্রতিপক্ষ। তারপরও আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। ফেডারেশন কাপে পারিনি বলে স্বাধীনতা কাপের ফাইনালেও না পারার কোনো কারণ নেই। ঐ ফাইনালের কথা ভুলে যেতে চাই।”
তিনি আরো বলেন, “শেখ রাসেলের প্রতিটি বিভাগ শক্তিশালী। তাদের বিদেশি খেলোয়াড়রাও ভালো। বিশেষ করে সনি নর্দের মতো উঁচু মানের স্ট্রাইকার একাই প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে দিতে পারে। তবে আমাদের দলেও ভালো খেলোয়াড় আছে। জেতার জন্য আমরা আক্রমণাত্মক ফুটবল খেলব।”
