দশ বছরের জন্য নিষিদ্ধ নাদির শাহ
দুর্নীতির সঙ্গে জড়িত থাকার দায়ে আম্পায়ার নাদির শাহকে দশ বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভারতীয় টেলিভিশন চ্যানেল ইন্ডিয়া টিভির আনা অভিযোগ তদন্তে গঠিত কমিটি তাদের সুপারিশসহ প্রতিবেদন বিসিবির কাছে জমা দিয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে বিসিবির সব ধরনের কার্যক্রম থেকে নাদির শাহকে দশ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।”
এ ব্যাপারে নাদির শাহ বলেন, “অনেক দিন ধরেই শুনছি আমাকে সর্বোচ্চ শাস্তি দেয়ার পক্ষে অবস্থান নিচ্ছে বোর্ড। আমি আবারো বলছি, এত বড় শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ করিনি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবশ্যই আমি আপিল করব। আমার আইনজীবীর সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ জানাবো।”
এ প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডস বলেন, “একজন আম্পায়ার ঠিক কাজ করেননি এবং সেজন্য নিষিদ্ধ হয়েছেন। এতে আইসিসির খুশি হওয়ার কোনো কারণ নেই। তবে এই সিদ্ধান্ত ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে আবার মনে করিয়ে দিচ্ছে, ক্রিকেটে দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।”
ইন্ডিয়া টিভিতে নাম আসা অন্য আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে অভিযোগ থেকে নিষ্কৃতি দেয়া হয়েছে। বিসিবির অধীনে ম্যাচ কর্মকর্তা হিসেবে কাজ শুরু করতে পারবেন তিনি।
ম্যাচ গড়পেটায় ‘জড়িত’ থাকার অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের গত অক্টোবরে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।
ইন্ডিয়া টিভিতে প্রচারিত গোপন ক্যামেরায় ধারণ করা চিত্র দেখিয়ে বলা হয়, নাদির শাহসহ বিভিন্ন দেশের ছয়জন আম্পায়ার অর্থের বিনিময়ে মাঠে সিদ্ধান্ত দিতে কিংবা বিভিন্ন তথ্য আগেভাগে সরবরাহে রাজি ছিলেন।
এটি প্রচার হওয়ার পর বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেয়।
ইন্ডিয়া টিভির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নাদির শাহর পাশাপাশি পাকিস্তানের আম্পায়ার নাদিম ঘুরি ও আনিস সিদ্দিকী এবং শ্রীলঙ্কার গামিনি দেসানায়েকে, মরিস ওয়াটসন ও সাগারা গালাগে ম্যাচ গড়পেটায় রাজি ছিলেন।
ইন্ডিয়া টিভির সাংবাদিকরা ছদ্মবেশে ওই আম্পায়ারদের প্রলোভন দেখিয়ে সাড়া পান বলে টেলিভিশনটির প্রতিবেদনে বলা হয়। গত জুলাই-অগাস্ট মাসে একটি কোম্পানির প্রতিনিধির নাম করে আম্পায়ারদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ওই সাংবাদিকরা।
নাদির শাহর মতো বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকেও বাজিয়ে দেখেছিল ইন্ডিয়া টিভি, তবে তিনি কোনো অনৈতিক প্রস্তাবে রাজি হননি বলে টেলিভিশনটি জানায়।
