২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে নিষিদ্ধ ৬ আম্পায়ার

ম্যাচ গড়পেটায় ‘জড়িত’ থাকার অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ৬ আম্পায়ারকে সব ধরনের ক্রিকেট ম্যাচে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 08:16 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ম্যাচ গড়পেটায় ‘জড়িত’ থাকার অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ৬ আম্পায়ারকে সব ধরনের ক্রিকেট ম্যাচে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। ভারতের ইন্ডিয়া টিভি ছয় আম্পায়ারের ম্যাচ গড়পেটায় জড়িত থাকার দাবি করার পর আইসিসি এ বিষয়ে তদন্ত করছে। বুধবার আইসিসির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট ম্যাচে ওই আম্পায়ারদের নিয়োগ না করার বিষয়ে একমত হয়েছে আইসিসি ও সংশ্লিষ্ট দেশগুলোর বোর্ড। সংশ্লিষ্ট বোর্ডগুলোও জরুরি ভিত্তিতে এ ব্যাপারে তদন্ত করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। অভিযুক্ত ছয় আম্পায়ারে মধ্যে বাংলাদেশের নাদির শাহও রয়েছেন। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি। সোমবার ইন্ডিয়া টিভিতে প্রচারিত গোপন ক্যামেরায় ধারণ করা চিত্র দেখিয়ে বলা হয়, নাদির শাহসহ ছয়জন আম্পায়ার অর্থের বিনিময়ে মাঠে সিদ্ধান্ত দিতে কিংবা বিভিন্ন তথ্য আগেভাগে সরবরাহে রাজি ছিলেন। এটি প্রচার হওয়ার পর বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইসিসি এই অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেয়। ইন্ডিয়া টিভির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নাদির শাহর পাশাপাশি পাকিস্তানের আম্পায়ার নাদিম ঘুরি ও আনিস সিদ্দিকী এবং শ্রীলঙ্কার গামিনি দেসানায়েকে, মরিস ওয়াটসন ও সাগারা গালাগে ম্যাচ গড়পেটায় রাজি ছিলেন। ইন্ডিয়া টিভির সাংবাদিক ছদ্মবেশে ওই আম্পায়ারদের প্রলোভন দেখিয়ে সাড়া পান বলে টেলিভিশনটির প্রতিবেদনে বলা হয়। গত জুলাই-অগাস্ট মাসে একটি কোম্পানির প্রতিনিধির নাম করে আম্পায়ারদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ওই সাংবাদিকরা। তবে ভিডিওচিত্রে নাদির শাহর সঙ্গে কথোপকথনের যে অনুলিপি ইন্ডিয়া টিভির ওয়েবসাইটে রয়েছে, তাতে অর্থের বিনিময়ে তার রাজি হওয়ার বিষয়টি স্পষ্ট নয়। নাদির শাহর মতো বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকেও বাজিয়ে দেখেছিল ইন্ডিয়া টিভি, তবে তিনি কোনো অনৈতিক প্রস্তাবে রাজি হননি বলে টেলিভিশনটি জানায়। তদন্তের জন্য তথ্য দিয়ে সহযোগিতা করতে ইন্ডিয়া টিভির প্রতিও আহ্বান জানিয়েছে আইসিসি। খেলা পাতানোর এই অভিযোগ প্রত্যাখ্যান করে নাদির শাহ বলেছিলেন, “এটি আমার চরিত্রে কলঙ্ক লেপনের চেষ্টা।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪১১ ঘ.