পিছিয়ে থেকেও বার্সা, রিয়ালের জয়
প্রথমার্ধে পিছিয়ে থেকেও স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে জয় পেয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
ন্যু ক্যাম্পে কিংস কাপের সেমিফাইনালিস্ট সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে বার্সা, একই ব্যবধানে দিপোর্তিভো লা করুনার মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে রিয়াল।
গত বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে এসি মিলানের কাছে ২-০ গোলে হেরে যায় বার্সা। ইতালিয় দলটির মতো একই ‘গেম প্ল্যান’ নিয়ে মাঠে নামে সেভিয়া। অতিথিদের মোটেও খেলার জায়গা দেয়নি তারা, প্রথমার্ধের শেষ দিকে গোল করে এগিয়েও যায় তারা।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ডেভিড ভিয়া ও টানা চারবারের বিশ্ব সেরা ফুটবলার লিওনেল মেসির গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
২৫ খেলায় ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে বার্সা। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট পেছনে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদ রোববার আতিথেয়তা দেবে এস্পানয়েলকে।
৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা রিয়াল শিবিরে স্বস্তি ফেরায় রিকার্ডো কাকা ও গঞ্জালো হিগুয়াইনের শেষ সময়ের দুই গোল।
বার্সা ও রিয়াল মঙ্গলবার ন্যু ক্যাম্পে কাপের সেমিফাইনালে মুখোমুখো হবে। এর আগে সান্তিয়াগো বার্নাবাউয়ে প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র হয়।
ম্যাচ শেষে বার্সা ডিফেন্ডার হ্যাভিয়ার মাসচেরানো বলেন, “দ্বিতীয়ার্ধে আমরা খুব ভালো ফুটবল খেলেছি। সৌভাগ্যবশত দ্রুত সমতা ফেরাতে পেরেছি।”
“মঙ্গলবারের খেলাটি আমাদের জন্য ফাইনালের মত। রিয়াল শক্তিশালী প্রতিপক্ষ। তবে নিজেদের মাঠে খেলা বলে আমরা একটু এগিয়ে থাকব,” যোগ করেন তিনি।
সেভিয়া বুধবার সেমিফাইনালে খেলবে অ্যাতলেতিকোর বিপক্ষে। প্রথম লেগে ২-১ গোলে পিছিয়ে থাকায় গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলারকে বিশ্রাম দিলেও খেলার ধারার বিপরীতে আলবার্তো বোতিয়ারের ৪২ মিনিটে গোলে এগিয়ে যায় অতিথিরা।
ভিয়া ৫২ মিনিটে ও মেসি ৬০ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন। লিগে এটি মেসির ৩৮তম গোল।
অন্যদিকে রিয়াজোরে ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রাম দেয়া রিয়ালকে ভীষণ চাপে ফেলেছিল দিপোর্তিভো।
লিগে সর্বশেষ পাঁচ ম্যাচেই হারা দিপোর্তিভোকে ৩৪ মিনিটে এগিয়ে নেন স্ট্রাইকার রিকি। ৫৭ মিনিটে রোনালদো, মেসুত ওজিল ও স্যামি খেদিরা মাঠে নামার পর খেলার চিত্র পাল্টে যায়।
৭৩ মিনিটে কাকার গোলে সমতা ফেরানোর পর আরো উজ্জ্বীবিত হয়ে উঠে অতিথিরা। দ্বিতীয় গোলটির স্থপতিও কাকা। গঞ্জালো হিগুয়াইনের ৮৮ মিনিটের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে গত আসরের চ্যাম্পিয়নরা।
শেষ সময়ে দুটি হলুদ কার্ড দেখে অ্যাঞ্জেল ডি মারিয়া মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় রিয়াল।
দিনের অন্য খেলায় রিয়াল জারাগোজার সঙ্গে ২-২ গোলে ড্র করে ভ্যালেন্সিয়া।
