মরিনিয়োর নিরাশা
স্প্যানিশ লা লিগার ফিরতি পর্বের শুরুতে বার্সেলোনা হেরেছে, আর রিয়াল মাদ্রিদ জিতেছে বিশাল ব্যবধানে। তবু শিরোপা ধরে রাখার আশা ছেড়ে দিয়েছেন রিয়ালের কোচ জোসে মরিনিয়ো।
সম্পূর্ণ বিপরীত অভিজ্ঞতা হলেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ব্যবধান এখনো ১৫ পয়েন্ট। এই অবস্থায় বুধবার ফ্রান্সের রেডিও মন্টে কার্লোকে দেয়া এক সাক্ষাৎকারে মরিনিয়ো আবারো জানালেন, রিয়ালের চ্যাম্পিয়ন হওয়ার কোনো আশা নেই।
তিনি বলেন, “আমাদের পক্ষে লিগ জয় করা এখন অসম্ভব। বার্সেলোনার সঙ্গে আমাদের অনেক ব্যবধান। তাই আমাদের অন্যান্য প্রতিযোগিতার দিকে মনোযোগ দেয়া উচিৎ।”
লা লিগায় ২০ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৪০।
