২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ গেমস আয়োজনের উদ্যোগ

১১ বছর পর বাংলাদেশ গেমস আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 03:17 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বুধবার বিওএর নব নির্বাচিত কমিটির প্রথম সভায় বাংলাদেশ গেমস আয়োজন নিয়ে আলোচনা করা হয়।

প্রতিযোগিতার সম্ভাব্য সময় মার্চের শেষ অথবা এপ্রিলের শুরুতে। বিওএ সহ-সভাপতি হারুনুর রশিদকে সব ফেডারেশনের সঙ্গে আলোচনা করে এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার দায়িত্ব দেয়া হয়েছে।

বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ জানিয়েছেন, “আমরা তাড়াহুড়া করে বাংলাদেশ গেমস আয়োজন করতে চাই না। সবগুলো ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেয়া হবে।”

এবারের বাংলাদেশ গেমস আয়োজনের জন্য প্রথম দফায় বাজেট ধরা হয়েছিল প্রায় ১৫ কোটি টাকা। এই টাকা চেয়ে সরকারের কাছে চিঠিও দেয়া হয়েছিল। দ্বিতীয় দফায় বাজেট নেমে আসে ৭ কোটি ৯২ লাখ টাকায়। সর্বশেষ বাজেট ধরা হয়েছে ৫ কোটি ১২ লাখ টাকা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৩ কোটি টাকা চেয়ে বিওএকে চিঠি দিলেও বুধবারের সভায় এ নিয়ে কোনো আলোচনা হয়নি। বিওএ মহাসচিব বলেন, “প্রথম সভায় অনেক আলোচ্য সূচি ছিল। তাই বাফুফের চিঠি নিয়ে আমরা আলোচনা করতে পারিনি। আগামীতে এ নিয়ে অবশ্যই আলোচনা করা হবে।”