২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর নতুন লক্ষ্য

বার্সেলোনার চেয়ে অনেক পিছিয়ে পড়ায় স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখার আশা ছেড়ে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এখন তার লক্ষ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রেকে ঘিরে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 14 Jan 2013, 08:02 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

এ মৌসুমের শুরু থেকেই দুঃসময়ের সঙ্গে বসবাস রিয়াল মাদ্রিদের। চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনার চেয়ে ১৮ পয়েন্ট পিছিয়ে পড়ায় তাদের স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখার আশা প্রায় শেষ। ক্রিস্টিয়ানো রোনালদো তা মেনে নিয়েই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রেকে ঘিরে নতুন লক্ষ্য স্থির করেছেন।

ফিফা ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে রিয়ালের পর্তুগিজ তারকা বলেন, “এটা ঠিক যে লা লিগার শুরুটা আমরা তেমন ভালো করতে পারিনি। লা লিগা জয় এখন পাহাড় ডিঙানোর মতোই কঠিন। যদিও ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়।”

“তবে চ্যাম্পিয়ন্স লিগ এবং কিংস কাপ (কোপা দেল রে) বাকি আছে। এ মৌসুমে এখনও আমাদের অনেক কিছু জয় করার আছে।”

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ রোনালদোর সাবেক দল ম্যানচেস্টার ইউনাইটেড। অর্থাৎ রিয়ালের সামনে কঠিন লড়াইয়ের অপেক্ষা। রোনালদো অবশ্য তাতে বিচলিত নন।

ম্যান ইউ’র জার্সি গায়েই ২০০৮ সালে ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন রোনালদো। গতবার সেমিফাইনালে হেরে যাওয়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “মাদ্রিদের প্রতিটি মানুষ (চ্যাম্পিয়ন্স লিগের) দশম শিরোপার জন্য উন্মুখ। আমরাও তা জানি। গত মৌসুমে একটুর জন্য তা হয়নি। যা ছিল খুবই হতাশার।”

ট্রান্সফার ফি’র রেকর্ড গড়ে ম্যান ইউ থেকে রিয়ালে যোগ দেয়া রোনালদো আরো বলেন, “সৌভাগ্যবশত এ বছরও আমরা সুযোগটা পেয়েছি। যদিও পরের ম্যাচে আমাদের সামনে ম্যানচেস্টার ইউনাইটেড। লড়াইটা মোটেও সহজ হবে না। আমার মতে, দুদলেরই সম্ভাবনা ৫০-৫০। তবে জয়ের ব্যপারে আমি আত্মবিশ্বাসী।”