সহজ জয়ে শীর্ষে আবাহনী
গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বিজেএমসিকে সহজেই হারিয়েছে আবাহনী লিমিটেড। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৩-১ গোলের জয় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানেও পৌঁছে দিয়েছে গতবারের চ্যাম্পিয়নদের।
৭ ম্যাচ থেকে আবাহনীর সংগ্রহ ১৬ পয়েন্ট। শেখ জামাল ধানমন্ডি ক্লাবেরও সমান পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে আবাহনী। ৮ পয়েন্ট নিয়ে বিজেএমসির অবস্থান ষষ্ঠ।
বুধবার আবাহনীর জয়ের নায়ক স্ট্রাইকার সাখাওয়াত হোসেন রনি। দলের তিন গোলের দুটোই তার।
৩৩ মিনিটে ফরোয়ার্ড তৌহিদুল আলমের ক্রস থেকে রনির দারুণ হেড এগিয়ে দেয় পেশাদার লিগের চার বারের চ্যাম্পিয়নদের (১-০)।
৫৩ মিনিটে প্রায় ২৫ মিটার দূর থেকে নেয়া মিডফিল্ডার প্রাণতোষ কুমারের জোরালো শট বিজেএমসির ডিফেন্ডার কেষ্ট কুমারের গায়ে লেগে দ্বিগুণ করে ব্যবধান (২-০)।
৬৫ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার এলিটা কিংসলের হেড ব্যবধান কমিয়ে সমতা ফেরানোর স্বপ্ন দেখিয়েছিল বিজেএমসিকে।
কিন্তু আট মিনিট পর আতিকুর রহমান মিশুর ক্রস থেকে রনির ভলি জয় নিশ্চিত করে দেয় আবাহনীর।
