২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেব্রুয়ারিতে ফুটবল অ্যাকাডেমি শুরু

রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি থেকে সিলেট বিকেএসপিতে শুরু হবে ফুটবল অ্যাকাডেমির কার্যক্রম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি থেকে সিলেট বিকেএসপিতে শুরু হবে ফুটবল অ্যাকাডেমির কার্যক্রম। অ্যাকাডেমির জন্য অনূর্ধ্ব-১৪ বয়সী ফুটবলার বাছাই করেছে বাফুফে। রোববার এই বিভাগের ৩৭ জনকে ‘ইয়েস কার্ড’ও দিয়েছে। ফিফার সাবেক টেকনিক্যাল ডিরেক্টর জাঁ মিশেল বেনেজেত এই বাছাই কার্যক্রম পরিচালনা করেন। গত সেপ্টেম্বরে সারা দেশের ৪৮৫ উপজেলায় শুরু হয় বাছাই কার্যক্রম। এরপর ১৬০ জন ফুটবলারকে বেছে নেয়া হয়। এদের মধ্যে থেকে ১৭ জনকে বাছাই করেন ফিফা প্রতিনিধিরা। এই ১৭ জনের সঙ্গে যোগ হয় সদ্য জাপান সফর করে আসা অনূর্ধ্ব-১৪ জাতীয় দলের ২০ ফুটবলার। এই ৩৭ জনকে নিয়ে ফুটবল অ্যাকাডেমিতে শুরু হবে অনূর্ধ্ব-১৪ বিভাগের কার্যক্রম। সোমবার বাছাই করা হবে অনূর্ধ্ব-১৮ বিভাগের ফুটবলারদের। বাফুফে সভাপতি বলেন, “এই ৩৭ জনকে নিয়ে অ্যাকাডেমির কার্যক্রম শুরু হলেও বছরে চার বার তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। পারফরম্যান্সের ভিত্তিতে অ্যাকাডেমিতে নিজের অবস্থান ধরে রাখতে হবে তাদের। নইলে বাদ পড়তে হবে।” “এখানে কারো জায়গাই স্থায়ী নয়। টিকে থাকতে হলে অবশ্যই নৈপুণ্য দেখাতে হবে। কেউ ব্যর্থ হলে তার জায়গায় নতুন কাউকে নেয়া হবে,” যোগ করেন সালাউদ্দিন। বেনেজেত মনে করেন বাংলাদেশে ফুটবল প্রতিভার অভাব নেই। তিনি বলেন, “কয়েক দিন কাজ করে বুঝতে পারলাম এখানে ফুটবল প্রতিভার অভাব নেই। আরো বেশি উদ্যোগ নিলে অনেক প্রতিভা বের হয়ে আসবে।” “সেজন্য অনূর্ধ্ব-১২ বিভাগ নিয়েও কাজ করতে হবে। তাহলে অনেক কম বয়সেই ছেলেরা ফুটবলের সম্পর্ক যথাযথ জ্ঞান পাবে” যোগ করেন এই ফিফা কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২৩ঘ.