ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার চেলসির বাঁচা-মরার লড়াই। নক আউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ডেনমার্কের নর্ডসজায়েল্যান্ডকে হারাতেই হবে তাদের। নইলে প্রতিযোগিতার প্রথম চ্যাম্পিয়ন হিসেবে বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকে।
অবশ্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুধু জিতলেই চলবে না চেলসির, শাখতার দনেৎস্কের কাছে জুভেন্টাসের হারের জন্যও প্রার্থনা করতে হবে। ১০ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে শাখতার। এক পয়েন্ট কম নিয়ে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস দ্বিতীয় স্থানে। চেলসি ও নর্ডসজায়েল্যান্ডের পয়েন্ট যথাক্রমে ৭ ও ১।
জুভেন্টাস কোনো রকমে ড্র করলে জিতেও লাভ হবে না চেলসির। সেক্ষেত্রে দু দলের সমান ১০ পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার সুবাদে শেষ ষোলতে চলে যাবে জুভেন্টাস।
আরেকটি সমীকরণও আছে। শাখতার হেরে গেলে আর চেলসি জিতলেও নক আউট পর্বে যাবে শাখতারই। তখন দু দলের পয়েন্ট সমান হবে ঠিকই, কিন্তু প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে শেষ ষোলর টিকেট পাবে ইউক্রেনের দলটি। গ্রুপ পর্বে মুখোমুখি লড়াইয়ে নিজেদের মাঠে শাখতার ২-১ গোলে এবং স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ৩-২ গোলে জিতেছিল।
‘জি’ গ্রুপে ১২ পয়েন্ট নিয়েই আগেই শীর্ষস্থান নিশ্চিত করেছে বার্সেলোনা। বুধবার তাদের প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব বেনফিকা (৭ পয়েন্ট)। অন্য ম্যাচে স্কটল্যান্ডের সেলটিক (৭) খেলবে রাশিয়ার স্পার্তাক মস্কোর বিপক্ষে। বেনফিকা বার্সেলোনা সফরে গেলেও সেলটিক নামবে ঘরের মাঠের সুবিধা নিয়ে।
‘এইচ’ গ্রুপেও একই অবস্থা। ১২ পয়েন্ট পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রুপ-শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে। ৭ পয়েন্ট করে নিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রেখেছে তুরস্কের গ্যালাতাসারাই ও রুমানিয়ার সিএফআর ক্লুজ। বুধবার ম্যান ইউর মাঠে ক্লুজের লড়াই। আর গ্যালাতাসারাইকে স্বাগত জানাবে পর্তুগালের ব্রাগা (৩ পয়েন্ট)।
‘এফ’ গ্রুপে কোনো জটিলতা নেই। ১০ পয়েন্ট করে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে স্পেনের ভ্যালেন্সিয়া ও জার্মানির বায়ার্ন মিউনিখ।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ফ্রান্সের লিল্রে (৩ পয়েন্ট) মাঠে খেলতে নামবে ভ্যালেন্সিয়া। আর বেলারুশের বাতে বরিসভকে (৬) আতিথেয়তা দেবে বায়ার্ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/২০৩১ঘ.
bdnews24