ইয়ায়ন্ডে, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লন্ডনে অলিম্পিকে অংশ নিতে এসে ক্যামেরুনের সাত ক্রীড়াবিদ পালিয়ে গেছেন।
ক্যামেরুনের ক্রীড়া ও শারীরিক শিক্ষা মন্ত্রণালয় সোমবার বিকালে এ তথ্য জানিয়েছে।
সাত জনের মধ্যে পাঁচ জন মুষ্টিযোদ্ধা, একজন সাঁতারু ও একজন ফুটবলার রয়েছেন, যারা ইউরোপে উন্নত জীবনের আশায় এমন কা- ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মিশন প্রধান ডেভিড ওজং মন্ত্রণালয়ে পাঠানো এক বার্তায় বলেন, ‘শুরুতে যে গুজব রটেছিলো সেটা শেষ পর্যন্ত সত্যিই হলো। ক্যামেরুনের সাত ক্রীড়াবিদ অলিম্পিক পল্লী থেকে পালিয়ে গেছেন।’
তিনি বলেন, ক্যামেরুনের মহিলা ফুটবল দলের সংরক্ষিত গোলরক্ষক দ্রুসিলে গাকো সর্বপ্রথম নিখোঁজ হন। স্কটল্যান্ডে অলিম্পিক পূর্ব অনুশীলনে অংশ নেওয়ার পর তিনি আর দলের সঙ্গে লন্ডনে ফেরেননি।
এর কিছুদিন বাদে সাঁতারু পল একানে এডিনগুয়ে নিজের জিনিসপত্রসহ তার কক্ষ থেকে উধাও হয়ে যান।
এ ছাড়া খেলা থেকে বাদ পড়ে যাওয়া পাঁচ মুষ্টিযোদ্ধা টমাস এসোম্বা, ক্রিস্টিয়ান ডনফ্যাক, অ্যাবডন মেউওলি, ব্লাইসে ইপমোউ মেন্দোউও এবং সের্গে আমবোমোকে গত রোববার থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
তবে মঙ্গলবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কর্মকর্তারা জানিয়েছেন, তারা এ বিষয়ে এখনো কিছু শোনেননি।
আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতা থেকে ক্যামেরুনের খেলোয়াড়দের পালিয়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও কমনওয়েলথ গেমস, জুনিয়র ফুটবলসহ বিভিন্ন প্রতিযোগিতা থেকে দেশটির ক্রীড়াবিদদের ‘নিখোঁজ’ হওয়ার ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএল/২১০৬ ঘ.
bdnews24