ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শেষ হয়ে গেছে বেশ কিছুু দিন আগে। কিন্তু এখনো পারিশ্রমিক না পেয়ে ভীষণ ক্ষুব্ধ এমেকা ইউজিগো।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির কাছে এর প্রতিকার চেয়ে চিঠি দিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নাইজেরীয় কোচ। টাকা না পেলে প্রয়োজনে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার দ্বারস্থ হওয়ার হুমকিও দিয়েছেন তিনি।
শনিবার এক সংবাদ সম্মেলনে এমেকা জানিয়েছেন, গত ২৯ নভেম্বর মোহামেডানের কোচের দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত একটি টাকাও তিনি পাননি।
এ প্রসঙ্গে আশির দশকে ঢাকার মাঠের অন্যতম জনপ্রিয় ফুটবলার বলেন, “মোহামেডানের কাছে আমার পাওনা এক লাখ তিন হাজার ডলার। এর মধ্যে বিদেশী ফুটবলার আনা বাবদ ৫২ হাজার ডলার ট্রান্সফার ফিও আছে। এছাড়া বেতন, থাকা-খাওয়া, বিমান টিকেট ও বোনাস সহ আরো বেশ কিছু খাতে আমার পাওনা বাকি।”
“শুধু ভাতা হিসেবেই মাসে আড়াই হাজার ডলার পাওয়া কথা আমার। কিন্তু সেটাও পাইনি। এই টাকা দেয়া হবে কিনা তাও বলছেন না মোহামেডানের কর্মকর্তারা,” যোগ করেন তিনি।
এমেকার সবচেয়ে বেশি ক্ষোভ মোহামেডানের ঊর্ধ্বতন কর্মকর্তা লোকমান হোসেন ভূঁইয়ার প্রতি। তিনি বলেন, “লোকমানের কারণেই মোহামেডানের আজ এই দুর্দশা। কয়েক জন অসাধু কর্মকর্তা তাকে কুপরামর্শ দিচ্ছেন।”
তবে এমেকার দাবি অস্বীকার করেছেন লোকমান হোসেন। তিনি বলেন, “এমেকার দাবিগুলো একেবারেই অযৌক্তিক। তিনি আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। তার কোনো কোচিং লাইসেন্স নেই। সেজন্য ক্লাবের ভাবমুর্তিও ক্ষুন্ন হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২৫১ঘ.
bdnews24