ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিকে কত রকম বিচিত্র ঘটনাই তো ঘটতে দেখা যায়। লন্ডন অলিম্পিকে তেমনি এক বিচিত্র কান্ড ঘটেছে অস্ট্রেলিয়ার শূটিং দলে। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার হয়ে এক সঙ্গে অলিম্পিকে অংশ গ্রহণ করবেন বাবা ও মেয়ে।
মেয়ে ২০ বছর বয়সী হেইলি চ্যাপম্যান ২৫ মিটার পিস্তলে এবং বাবা ৪৭ বছর বয়সী ডেভিড চ্যাপম্যান ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তলে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
কোচ এবং শূটিংয়ে নিজের ‘আদর্শ’ বাবা সম্পর্কে হেইলি বলেন, “বাবা এবং আমার মধ্যে খুবই চমৎকার সম্পর্ক। তাকে চারদিকে দেখতে, সকালের নাস্তা খাওয়ার সময় বা আসার সময় কিংবা ভিলেজে হাঁটার সময় তাকে দেখবো ভেবে ভীষণ আনন্দ হচ্ছে।”
“বাবাকে পাশে পেয়ে নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে। অনেকেই পরিবার ছেড়ে এসে ভীষণ অস্বস্তিতে ভোগেন। আমার মনে হচ্ছে আমি বাড়িতেই আছি। যা সত্যিই দারুণ,” যোগ করেন হেইলি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২৪৩ ঘ.
bdnews24