ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্লাব কাপ হকির ফাইনাল এবং প্রিমিয়ার হকি লিগের উদ্বোধনী ম্যাচে টানা দুবার আবাহনী লিমিটেডকে হারিয়ে আকাশে উড়ছিলো ঊষা ক্রীড়াচক্র। বৃহস্পতিবার সেই ঊষাকে মাটিতে টেনে নামিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডান জিতেছে ২-১ গোলে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মোহামেডানের দুই গোলদাতা ইশতিয়াক আহমেদ ও মামুনুর রহমান চয়ন। ঊষার একমাত্র গোলটি পাকিস্তানি স্ট্রাইকার মোহাম্মদ ইমরানের।
অন্য ম্যাচে আবাহনী ১২-২ গোলে বাংলাদেশ এসসিকে উড়িয়ে দিয়েছে।
আবাহনীর বিশাল জয়ে চার গোল করে সবচেয়ে বড় অবদান পাকিস্তানি স্ট্রাইকার কাসিম আলীর। এছাড়া ইকবাল নাদির প্রিন্স, হাসান যুবায়ের নিলয় ও সাব্বির আহমেদ খান ২টি করে গোল করেন বিজয়ীদের হয়ে।
বিজিত দলের গোল দুটো মূসা মিয়া ও জাহিদুল ইসলাম রাজনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪১ঘ.
bdnews24