চট্টগ্রাম, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ‘জেলা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০১২’। পাঁচদিন স্থায়ী এই প্রতিযোগিতার আয়োজক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)।
বুধবার এক সংবাদ সম্মেলনে ব্যাডমিন্টন কমিটির নির্বাহী সদস্য ও সম্পাদক জাহেদুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সিজেকেএস জিমন্যাশিয়াম ভবনে প্রতিযোগিতার উদ্বোধন করবেন সিজেকেএস-এর সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীন।
জাহেদুল ইসলাম বলেন, “তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করেছে।”
“প্রতিযোগিতায় দেড় লক্ষ টাকা ব্যয় হবে। সুইট হোমস, নুর মোটরস ও কোয়ালিটি আইসক্রিম এই ব্যয় বহন করবে,” যোগ করেন তিনি।
প্রতিযোগিতায় সিজেকেএস অনুমোদিত ১৪ টি ক্লাবের ১০১ জন প্রতিযোগী অংশ নেবেন।
এর মধ্যে পুরুষ এককে ২২ জন, পুরুষ দ্বৈতে ৫৬ জন, মিশ্র দ্বৈতে ৮ জন এবং প্রবীণ দ্বৈতে (৪৫ বছর ও তদূর্দ্ধ) ১৫ জন অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস-এর সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, ব্যাডমিন্টন কমিটির সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএআর/১৮২০ঘ.
bdnews24