ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেন বা ইতালি জিততে না পারলেও রোববার ‘সি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে শুভ সূচনা করেছে ক্রোয়েশিয়া। মিডফিল্ডার মারিও ম্যানজুকিকের জোড়া গোলে আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে ২০০৮ সালের কোয়ার্টার ফাইনালিস্টরা।
পোল্যান্ডের স্তাদিওন মিয়েজস্কিতে খেলার ৩ মিনিটে চমৎকার হেড থেকে দলকে এগিয়ে নেন ম্যানজুকিক। ১৯ মিনিটে হেড থেকে গোল করেই খেলায় সমতা ফেরান আয়ারল্যান্ডের ডিফেন্ডার সেয়ান সেন্ট লেডজের।
বিরতির তিন মিনিট আগে স্ট্রাইকার নিকিসা জেলাভিচের গোলে আবারো এগিয়ে যায় ক্রোয়েশিয়া। বিরতির ঠিক তিন মিনিট পর ম্যানজুকিকের দ্বিতীয় গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়ে জয় নিশ্চিত করে ক্রোয়েশিয়া।
তবে দল জিতলেও মাঠের সমর্থকদের নিয়ে বিপদে পড়তে হতে পারে ক্রোয়েশিয়াকে। রোববার দলের দ্বিতীয় গোলের পর স্টেডিয়ামে পটকা ফুটিয়ে ও আগুন জ্বালিয়ে তা উদযাপন করেছেন দেশটির সমর্থকরা।
এর আগে তারা মাঠে চেয়ার, পানির বোতলসহ নানা জিনিস মাঠে ছুড়ে মারে। তাদের থামাতে পোল্যান্ডের দাঙ্গা পুলিশ তিনজনকে গ্রেপ্তারও করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/০৯৩৫ ঘ.
bdnews24