২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি

আবার মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপণের মাধ্যমে নতুন অ্যাডহক কমিটির ৭ সদস্যের নাম ঘোষণা করেছে। এবারো কমিটির আহ্বায়ক হয়েছেন রাফিয়া আক্তার ডলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 02:21 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবার মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপণের মাধ্যমে নতুন অ্যাডহক কমিটির ৭ সদস্যের নাম ঘোষণা করেছে। এবারো কমিটির আহ্বায়ক হয়েছেন রাফিয়া আক্তার ডলি। এই নিয়ে মাত্র সাড়ে চার মাসের ব্যবধানে দ্বিতীয় বারের মতো মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হলো। গত ২ নভেম্বর মাহফুজা আক্তার কিরণের নেতৃত্বাধীন নির্বাচিত কমিটি ভেঙ্গে অ্যাডহক কমিটি গঠন করা হয়। ঐ কমিটির সম্পাদক হন কামরুন্নাহার ডানা। ৩ নভেম্বর অর্থাৎ কমিটি গঠনের পর দিনই ডানা মহিলা ক্রীড়া সংস্থায় তালা মেরে দেন। এ নিয়ে পরে অনেক ঝামেলা হয়। সরকারের ওপরের মহলেও জানাজানি হয়ে যায় ঘটনাটি। অবশ্য কিরণের নেতৃত্বে থাকা কমিটির কিছু কার্যক্রম নিয়ে অনেক সমালোচনাও হয়েছিলো। মহিলা ক্রীড়া সংস্থায় কর্মচারী লীগের টাঙ্গানো ব্যানার ছিঁড়ে ফেলেন কিরণ। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মহিলা ক্রীড়া সংস্থাকে আলাদা করার ঘোষণাও দেন তিনি। এ কারণে ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি কিরণের প্রতি নিন্দা প্রস্তাব এনেছিলো। ডানা দায়িত্ব নেয়ার পর দিনই মহিলা ক্রীড়া সংস্থার কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। তাই প্রথম দিনের পর ডানা আর কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেননি। তবে নতুন অ্যাডহক কমিটি গঠন করায় ডানা সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, “মহিলা ক্রীড়া সংস্থা আবার সচল হচ্ছে। এটা একটা ভালো দিক। এখন নতুন করে নির্বাচন হবে। নতুন করে আবার কার্যক্রম শুরু হবে। যা ক্রীড়াঙ্গনের জন্য শুভবার্তা।” এ ব্যাপারে কিরণ কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “বিষয়টি সম্পর্কে আমি এখনো বিস্তারিত জানি না। সব কিছু জেনেই মন্তব্য করবো।” নতুন অ্যাডহক কমিটির জন্য নির্বাচনের সময়সীমাও বেধে দেয়া হয়েছে। প্রজ্ঞাপণে বলা হয়েছে, ৬০ দিনের মধ্যে নতুন কমিটিকে নির্বাচন করতে হবে। নতুন অ্যাডহক কমিটি: আহ্বায়ক: রাফিয়া আক্তার ডলি সম্পাদক: পারভীন বানু সদস্য: সাবেকুন নাহার শারমীন, চায়না ব্যানার্জী, সৈয়দা তাসলিমা আক্তার, আয়শা বেগম ও শামীম আরা খানম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৮.