২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটিকে টপকে ইউনাইটেড শীর্ষে

একেবারে উল্টো চিত্র ফুটে উঠেছে ম্যানচেস্টারের প্রতিবেশী দুই ক্লাবে। একটিতে আনন্দের ধারা বয়ে গেলেও আরেকটিতে নেমে এসেছে বিষন্নতার ছায়া। পাশার দান যে উল্টে গেছে রোববার রাতে। সিটিকে পেছনে ফেলে ১৫ অক্টোবরের পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শীর্ষে পৌঁছেছে ইউনাইটেড। ওয়েন রুনির জোড়া গোলের ওপর ভর করে ২-০ গোলে জেতে তারা ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে। অন্যদিকে সিটি ১-০ গোলে হেরে গেছে সোয়ন্সি সিটির কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 05:05 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একেবারে উল্টো চিত্র ফুটে উঠেছে ম্যানচেস্টারের প্রতিবেশী দুই ক্লাবে। একটিতে আনন্দের ধারা বয়ে গেলেও আরেকটিতে নেমে এসেছে বিষন্নতার ছায়া। পাশার দান যে উল্টে গেছে রোববার রাতে। সিটিকে পেছনে ফেলে ১৫ অক্টোবরের পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শীর্ষে পৌঁছেছে ইউনাইটেড। ওয়েন রুনির জোড়া গোলের ওপর ভর করে ২-০ গোলে জেতে তারা ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে। অন্যদিকে সিটি ১-০ গোলে হেরে গেছে সোয়ন্সি সিটির কাছে। ওল্ড ট্র্যাফোর্ডে হাভিয়ের হার্নান্দেজের শটের গতি পথ পাল্টে জালে পাঠিয়ে দেন রুনি, খেলার ৩৫ মিনিটে। অপর গোলটি করেন তিনি ৭১ মিনিটে, পেনাল্টি থেকে। সেই সঙ্গে এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় রুনি তার গোল সংখ্যা নিয়ে গেলেন ২৬-এ। এর মধ্যে ২০ গোল করেন তিনি প্রিমিয়ার লিগে। সোয়ান্সির মাঠ লিবার্টি স্টেডিয়ামে সিটির বিপক্ষে জয়সূচক গোলটি করেন লিউক মুর, খেলার ৮৩ মিনিটে। বর্তমান চ্যাম্পিয়ন ইউনাইটেডের পয়েন্ট ২৮ খেলায় ৬৭। ঠিক এক পয়েন্ট পিছিয়ে আছে সিটি। উভয় দলেরই খেলা হাতে আছে দশটি করে। এর আগে ১৯ বার প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে ইউনাইটেড। এই সংখ্যা ২০-এ নিয়ে যাওয়ার স্বপ্ন এখন তারা দেখতেই পারে। “লিগের মোড় আমরা ঘুরিয়ে দিয়েছি। এ জন্য সব কৃতিত্ব খেলোয়াড়দের, ” কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের গলায় খুশি খুশিভাব। অন্য দিকে সিটি কোচ রবার্তো মানচিনি বলেন, “প্রতিটি খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দলে পরিবর্তন আসতেই পারে। তবে গোল করার পাশাপাশি জয়ের ধারায় ফেরাটাই আসল কথা।” “এই মুহূর্তে সব খেলোয়াড়ই ক্লান্ত। কিন্তু শীর্ষে যাওয়ার মতো যথেষ্ট প্রাণশক্তি এখনো তাদের মধ্যে রয়েছে,” যোগ করেন তিনি, “এখনো দশ খেলা হাতে আছে।” দল দুটো মুখোমুখি হবে ৩০ এপ্রিল, সিটির মাঠে। নরউইচ সিটি ও উইগ্যান অ্যাথলেটিকের মধ্যে রাতের অন্য খেলাটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৫৪ ঘ.