২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরিনহোর আরেকটি অর্জন

শনিবার স্প্যানিশ প্রিমেরা লিগায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ রিয়াল বেটিস। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে এটি হোসে মরিনহোর শততম ম্যাচ। ‘ঐতিহাসিক’ ম্যাচটিতে ফল যা-ই হোক না কেন, তার আগেই দারুণ এক অর্জনে উদ্ভাসিত মরিনহো। স্পেনের ক্লাব ফুটবলের ইতিহাসে প্রথম ১০০ ম্যাচের হিসেবে তিনিই এখন সবচেয়ে সফল কোচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2012, 02:41 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার স্প্যানিশ প্রিমেরা লিগায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ রিয়াল বেটিস। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে এটি হোসে মরিনহোর শততম ম্যাচ। ‘ঐতিহাসিক’ ম্যাচটিতে ফল যা-ই হোক না কেন, তার আগেই দারুণ এক অর্জনে উদ্ভাসিত মরিনহো। স্পেনের ক্লাব ফুটবলের ইতিহাসে প্রথম ১০০ ম্যাচের হিসেবে তিনিই এখন সবচেয়ে সফল কোচ। মরিনহোর অধীনে ৯৯টি ম্যাচের ৭৬টিতেই জিতেছে রিয়াল, হেরেছে ১০টি, বাকি ১৩ ম্যাচ ড্র। এতদিন রেকর্ডটা যৌথভাবে ছিলো বার্সেলোনার বর্তমান কোচ পেপ গার্দিওলা ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তী কোচ মিগুয়েল মুনোজের অধিকারে। কোচ হিসেবে প্রথম ১০০ ম্যাচের ৭০টিতে জয়ের মধুর স্বাদ পেয়েছেন দুজনে। ২০০৯-১০ মৌসুমে ইন্টার মিলানকে ‘ট্রেবল’ অর্থাৎ তিনটি শিরোপা জিতিয়ে রিয়ালে যোগ দেয়ার পর মরিনহো অবশ্য তেমন সাফল্য পাননি। তার অধীনে মাত্র একটা শিরোপাই জিততে পেরেছে রিয়াল, গতবারের কোপা দেল রে। এল ক্লাসিকো অর্থাৎ বার্সার সঙ্গে লড়াইয়েও মরিনহোর দল চরম ব্যর্থ। ২০১০ সালের মে মাসে মরিনহো যোগ দেয়ার পর ১০টি এল ক্লাসিকোর ৫টিতেই হেরে গেছে রিয়াল, ড্র করেছে ৪টি, একমাত্র জয় গতবারের কোপা দেল রে’র ফাইনালে। তবু এবারের স্প্যানিশ লিগে চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে থেকে চার মৌসুম পর শিরোপা জয়ের স্বপ্নে বিভোর রিয়াল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৩৮ঘ.