ঢাকা, ফেব্র“য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরামবাগের কাছে হেরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে। হ্যাটট্রিক করেছেন আরামবাগের নাইজেরীয় স্ট্রাইকার এলিটা কিংসলে।
লিগের এটি দ্বিতীয় হ্যাটট্রিক। মুক্তিযোদ্ধার নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবা প্রথম হ্যাটট্রিক করেন।
আরামবাগ ম্যাচের মাত্র ১৫ মিনিটেই গোল পেয়ে যায়। জাহিদুল হাসান ডালিমের কর্নার থেকে নাইজেরীয় মিডফিল্ডার জোয়েলের হেড ক্রস বারে লাগে ফিরে আসে। ফিরতি বলে কিংসলের হেড লক্ষ্যভেদ করে।
আরামাবাগের ব্যবধান দ্বিগুণ হয় ম্যাচের ২৯ মিনিটে। মোহাম্মদ পারভেজের ক্রসে জোয়েলের ব্যাক হেড। পাশে দাড়ানো কিংসলে চলতি বলে দুর্দান্ত ভলিতে গোল করেন (২-০)।
দুই গোলে পিছিয়ে পড়ে শেখ জামালের রক্ষণভাগ যেনো এলোমেলো হয়ে পড়ে। তাই প্রথমার্ধেই আরেকটি গোল হজম করে বসে তারা। ৩৬ মিনিটে শেখ জামালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সেই কিংসলে।
ডিফেন্ডার আতিকুর রহমান মিশু গোলরক্ষক পিয়ারুজ্জামানকে ব্যাক পাস করলে কিংসলে বলটি ধরেই শটে গোল করেন (৩-০)। এই গোলটি করে কিংসলে দলের বড় জয়ই নিশ্চিত করেননি, নিজের হ্যাটট্রিকও পূর্ণ করেন।
এই হারে পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট হারিয়ে শেখ জামাল শিরোপার দৌড় থেকে আনেকটাই ছিটকে পড়েছে। তাদের সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট। আর অবস্থান সপ্তম। শেখ জামাল ৩ ম্যাচে হেরেছে। একটিতে জয় এবং একটিতে ড্র করে।
আর আরামবাগ ৬ পয়েন্ট নিয়ে এক লাফে চতুর্থ স্থানে উঠে এসেছে। তারা দুই ম্যাচ জিতেছে এবং তিনটিতে হেরেছে। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা শীর্ষে।
আরামবাগের সঙ্গে এমন হারে শেখ জামাল শিবিরে নেমে এসেছে চরম হতাশা। কোচ আবু ইউসুফ এই হারের জন্য খেলোয়াড়দের দায়ী করেছেন। তিনি বলেন, “খেলোয়াড়দের মনোযোগ খেলার মধ্যে নেই। তারা খেলার বাইরের কাজে ব্যস্ত। যার প্রভাব পড়েছে মাঠে। বিশেষ করে বিদেশী খেলোয়াড়রা একেবারেই অমনোযোগী।”
“দলটির যে অবস্থা এখন আর শিরোপার দৌড়ে ফেরা কোনভাবেই সম্ভব না। যতোটা ভালো করা যায় এই জন্যই খেলতে হবে এখন,” যোগ করেন শেখ জামাল কোচ।
অসাধারণ এই জয়ে আরামবাগ কোচ জাহিদুর রহমান মিলন খুবই উচ্ছ্বসিত। তিনি বলেন, “দলের প্রত্যেক খেলোয়াড় ভালো খেলেছেন। তাই এই জয়টি পাওয়া সম্ভব হয়েছে। গত তিন ম্যাচে হারের কারণে জয়ের জন্য খেলোয়াড়রা হয়তো এই ম্যাচে একটু বেশিই মরিয়া ছিল।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৫২ ঘ.
bdnews24