২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনা জিতেই জবাব দিলেন সাগর

এক পাক কম দৌড়ানোর অভিযোগে আগের দিন ৫ হাজার মিটারে সোনা জিতেও তা পাননি আমির আলী সাগর। শনিবার জাতীয় অ্যাথলেটিক্সে ১০ হাজার মিটারের শিরোপা জিতে সেই অপমানের ভালোই জবাব দিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এই অ্যাথলেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 02:20 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক পাক কম দৌড়ানোর অভিযোগে আগের দিন ৫ হাজার মিটারে সোনা জিতেও তা পাননি আমির আলী সাগর। শনিবার জাতীয় অ্যাথলেটিক্সে ১০ হাজার মিটারের শিরোপা জিতে সেই অপমানের ভালোই জবাব দিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এই অ্যাথলেট। প্রিয় ইভেন্টে সোনা জিতেও তা না পেয়ে ভীষণ হতাশ হয়ে পড়েছিলেন সাগর। নাম এন্ট্রি করেও ১০ হাজার মিটারে অংশ না নেয়ার ঘোষণাও দেন তিনি। শেষ পর্যন্ত কোচ জয়নাল আবেদীনের অনুরোধে ট্র্যাকে নামেন। আর নেমেই বাজিমাত! আগের দিন যারা সাগরের অর্জন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন শনিবার তারাও তার প্রশংসায় পঞ্চমুখ। সেনাবাহিনীর কোচ কিতাব আলী শুক্রবার বলেছিলেন, অপরিচিত কারো পক্ষে ৫ হাজার মিটারে সোনা জেতা সম্ভব নয়। অথচ শনিবার তার মুখেই ভিন্ন কথা। তিনি বলেন, “নিজের যোগ্যতাতেই সাগর সোনা জিতেছেন।” সাগর নিজে অবশ্য এই জয় নিয়ে উচ্ছ্বসিত নন। বরং আগের দিনের বঞ্চনায় ক্ষুব্ধ, মর্মাহত। ক্ষোভের সঙ্গে তিনি জানান, “আমার ৫ হাজার মিটারের সোনা চাই। আগের দিন সোনা জিতেই নিজেকে প্রমাণ করেছি আমি। আশা করি ফেডারেশনের কাছ থেকে সঠিক বিচার পাবো।” “আগের দিন পদক না পাওয়ার বেদনায় আমার ঘুমই হয়নি। একটা জেদও কাজ করছিলো আমার মধ্যে। আর সে জেদ থেকেই এই অর্জন,” যোগ করেন তিনি। অ্যাথলেটিক্স ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনজুর মোর্শেদ জানিয়েছেন, সাগরকে ৫ হাজার মিটারের শিরোপা ফিরিয়ে দেয়া হতে পারে। তিনি বলেন, “চুলচেরা বিশ্লেষণ করে যদি মনে হয় সাগর কোনো ভুল করেননি, তাহলে তাকে সোনার পদক ফিরিয়ে দেয়া হবে।” তবে প্রতিযোগিতার প্রধান বিচারক আব্দুল খালেক সাগরকে কৃতিত্ব দিতে রাজি নন। তিনি বলেন, “আমি কোনো ভুল করিনি। ৫ হাজার মিটারে সাগর এক রাউন্ড কম দৌড়েছেন।” শনিবার জাতীয় অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিন শেষে ১০টি সোনা, ৭টি রুপা এবং ৫টি ব্র্রোঞ্জ নিয়ে পদক তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে সেনাবাহিনী। ৫টি করে সোনা ও রুপা এবং ৪টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানেও যথারীতি বিজেএমসি। ২টি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ জিতে তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার পুরুষদের চাকতি নিক্ষেপে সেনাবাহিনীর মামুন শিকদার, পোল ভল্টে নৌবাহিনীর হুমায়ুন কবীর, ৪০০ মিটারে সেনাবাহিনীর মারুফ, ট্রিপল জাম্পে নৌবাহিনীর আওলাদ হোসেন এবং ৪ী১০০ মিটার রিলেতে সেনাবাহিনী সোনা জিতেছে। অন্যদিকে মহিলাদের লং জাম্পে বিকেএসপির তাসলিমা আক্তার মনি, ৪০০ মিটারে বিজেএমসির রওশন আরা, চাকতি নিক্ষেপে একই দলের জ্যোৎস্না আফরোজ এবং ৪ী১০০ মিটার রিলেতেও সোনা জিতেছে বিজেএমসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৭ঘ.