ঢাকা, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবার হ্যাটট্রিকে তারা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। লিগে এটাই প্রথম হ্যাটট্রিক।
ম্যাচের ১৪ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে আরামবাগ এগিয়ে যায়। মুক্তিযোদ্ধার ডিফেন্ডার আরিফুল ইসলাম নিজেদের সীমানায় সতীর্থ ফেমি অরুনিমির উদ্দেশে বল বাড়ান। ফেমি বলটি ধরতে না পারেননি। পেছনে দাঁড়ানো আরামবাগের স্ট্রাইকার এলিটা কিংসলের আলতো শটে বল চলে যায় জালে (১-০)।
তবে তিন মিনিট পরই গোলটি শোধ করে ফেলে মুক্তিযোদ্ধা। ব্রাজিলীয় মিডফিল্ডার লিমা ডি সুজার ফ্রি কিক থেকে সানডে ব্যাক হেড করে বক্সের মধ্যে ফেলেন। ভেসে থাকা বলে হেড করে ম্যাচে সমতা ফেরান আরিফ (১-১)।
৩১ মিনিটে সানডের নেয়া পেনাল্টিতে এগিয়েও যায় মুক্তিযোদ্ধা (২-১)। ৬৭ মিনিটে মামুনুল ইসলামের ক্রস থেকে সানডের শট ব্যবধান বাড়িয়ে দেয় আরো (৩-১)। তার ৪ মিনিট পর মাঝমাঠে বল ধরে, একক প্রচেষ্টায় বক্সে ঢুকে আড়াআড়ি শটে হ্যাটট্রিক পূর্ণ করেন সানডে (৪-১)।
৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে গতবারের রানার্সআপরা। সমান ম্যাচ খেলে আরামবাগের সংগ্রহ ৩ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯২৭ঘ.
bdnews24