২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার সেরি আ’র শীর্ষে মিলান

সেসনাকে ৩-১ গোলে হারিয়ে রোববার আবারো সেরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে এসি মিলান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 08:15 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেসনাকে ৩-১ গোলে হারিয়ে রোববার আবারো সেরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে এসি মিলান। খেলার ২৯ মিনিটে মিলানকে এগিয়ে নেন সুলেই মুন্তারি। উরবি ইমানুয়েলসন ব্যবধান বাড়ান ঠিক দুই মিনিট পর। দ্বিতীয়ার্ধের দশ মিনিটে তৃতীয় গোলটি করেন রবিনহো। পয়েন্ট তালিকার একেবারে নিচের দলটির পক্ষে একমাত্র গোলটি দেন দানিয়েল পুদিল। মিলানের পয়েন্ট ২৪ খেলায় ৫০, দ্বিতীয় দল জুভেন্টাস পিছিয়ে আছে মাত্র এক পয়েন্টে। তবে এক খেলা হাতে আছে দলটির। আগামী সপ্তাহান্তে শীর্ষ স্থান নিশ্চিত করার জন্য মুখোমুখি হবে মিলান ও জুভেন্টাস। “৩-০ গোলে এগিয়ে থাকা পর্যন্ত ছেলেরা চমৎকার খেলেছে,” খেলা শেষে বলেন মিলান কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি, “এর পরই সেসনাকে আমরা অনেক বেশি সুযোগ দেই। ফলে লড়াইয়ে পিছিয়ে পড়ি অনেকখানি। আর এগিয়ে যেতে পারিনি।” “জুভেন্টাসের সঙ্গে দলের সবাইকে পাওয়া যাবে বলে আশা করছি। কিন্তু যেই মাঠে নামুক, তাকে ভালো খেলতে হবে, ” যোগ করেন তিনি, “জুভেন্টাসের সঙ্গে খেলার প্রস্তুতি নেয়ার জন্য আমাদের হাতে সময় আছে এক সপ্তাহ।” জুভদের সঙ্গে তার দলের লড়াই জমজমাট হবে বলে মনে করছেন মাসিমিলিয়ানো। দিনের আরেকটি খেলায় এএস রোমা ১-০ গোলে হারায় পার্মাকে। এটি ছিল রোমার হয়ে অধিনায়ক ফ্রান্সেসকো টট্টির সাত শ’তম ম্যাচ। তবে জয়সূচক গোলটি কিন্তু তার পা থেকে আসেনি। এসেছে ফ্যাবিও বোরিনির পা থেকে। দিনের অন্যান্য খেলায় লেস ৪-১ গোলে সিয়েনাকে, শিয়েভো ভেরোনা ১-০ গোলে জেনোয়াকে ও পালের্মো ৫-১ গোলে লাৎসিওকে হারায়। এছাড়া নোভারা ও আটলান্টা এবং উদিনেস ও কালিয়ারির খেলা গোলশূন্য ড্র হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪০৩ ঘ.