ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এল ক্লাসিকোতে পেরে উঠছে না, কিন্তু লা লিগায় বার্সেলোনাকে পেছনে ফেলে ক্রমেই এগিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। দশ জনের রেসিং সান্তান্দারকে ৪-০ গোলে নাকাল করে শনিবার পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিয়ে গেছে ১৩-তে। গোলের দরজা খুলে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর একে একে নিশানা ভেদ করেন করিম বেনজেমা ও অ্যাঞ্জেল ডি মারিয়া। এর মধ্যে সান্তান্দারের জাল দু’বার ক্ষত-বিক্ষত করেন বেনজেমা।
খেলার ছয় মিনিটে কাকার বানিয়ে দেয়া বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন রোনালদো। সেই সঙ্গে মৌসুমে ২৮তম গোল করে গোলদাতাদের তালিকায় বার্সার টানা তিন বারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসির চেয়ে পাঁচ গোলে এগিয়ে যান পর্তুগালের আক্রমণভাগের এই খেলোয়াড়।
পয়েন্ট তালিকার ১৮ নম্বর দল সান্তান্দার দশ জনের দলে পরিণত হয় প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে। দু’বার বল হাত দিয়ে ধরায় দু’বার হলুদ কার্ড দেখতে হয় দলের রক্ষণভাগের খেলোয়াড় দমিঙ্গো সিসমাকে।
রিয়াল ব্যবধান বাড়ায় প্রথমার্ধের যোগ করা সময়ে। করিম বেনজেমার শট সান্তান্দারের রক্ষণভাগের খেলোয়ার বার্নাদোর গায়ে লেগে ঢুকে যায় গোলপোস্টে।
খেলার সেরা গোলটি আসে ডি মারিয়ার পা থেকে ৭৩ মিনিটে। বক্সের বাইরে থেকে বাঁ পায়ে প্রচণ্ড শট নেন তিনি। বলের লাইনে যাওয়ার সময়ই পাননি গোলরক্ষক তোনো।
খেলা শেষের বাঁশি বাজার এক মিনিট আগে গোল ব্যবধান ৪-০ তে নিয়ে যান বেনজেমা।
এই জয়ের ফলে হোসে মরিনহোর দলের পয়েন্ট দাঁড়ালো ২৩ খেলায় ৬১।
খেলা শেষে বেনজেমা বলেন, “এই সহজ জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় সিএসকেএ মস্কোর বিপক্ষে খেলার প্রস্তুতিটা ভালোভাবেই নেয়া হলো।”
দিনের অন্য দুই খেলার একটিতে সেভিয়া ২-০ গোলে জেতে ওসাসুনার বিপক্ষে। গেতাফে ও এসপানিওলের মধ্যে অপর খেলাটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৩৭ ঘ.
bdnews24