২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী-মোহামেডান লড়াই অমীমাংসিত

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবাহনী-মোহামেডান লড়াইয়ে কেউ জেতেনি। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর গুরুত্বপূর্ণ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 01:21 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবাহনী-মোহামেডান লড়াইয়ে কেউ জেতেনি। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর গুরুত্বপূর্ণ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। তবে ড্র করলেও তুলনামূলকভাবে ভালো খেলেছে মোহামেডান। প্রধমার্ধে গোল করার একাধিক সুযোগ নষ্ট না করলে জিততেও পারতো সাদা-কালো শিবির। পঞ্চম মিনিটেই গোল করার নিশ্চিত সুযোগ হাতছাড়া করে মোহামেডান। আবাহনীর ডিফেন্ডার সুজনের ভুলে নাইজেরীয় স্ট্রাইকার উইলকক বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে শট নিলেও কর্নারের বিনিময়ে তিন বারের চ্যাম্পিয়নদের রক্ষা করেন গোলরক্ষক সোহেল। পরের মিনিটেই আরো একটি সুযোগ নষ্ট করে মোহামেডান। এবারও উইলককের প্রচেষ্টা ব্যর্থ। তার হেড আবাহনীর এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে এলে আবার হতাশায় ভেঙ্গে পড়েন মোহামেডান-ভক্তরা। ৪৪ মিনিটে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় আবাহনী। নাসিরের পোস্ট লক্ষ্য করে নেয়া ক্রস ঘানার মিডফিল্ডার আইডু ইব্রাহিম থামালে পাশেই থাকা নাইজেরীয় স্ট্রাইকার লাকি পল আলতো শটে বল জালে জড়িয়ে দেন (১-০)। ম্যাচে এটিই ছিলো আবাহনীর প্রথম সুযোগ। অবশ্য গোল শোধ করতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি মোহামেডানকে। ৬০ মিনিটে মিডফিল্ডার সোহেল রানার লম্বা করে ফেলা বল হেড করে ছোট বক্সের মধ্যে ফেলেন স্ট্রাইকার ওয়াহেদ। ঐ বলেই হেড করে সমতা ফিরিয়ে নিয়ে আসেন উইলকক (১-১)। লিগে তিন ম্যাচ থেকে আবাহনীর সংগ্রহ ৭ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে মোহামেডানের পয়েন্ট ৪ । শুক্রবার অবশ্য মাঠের লড়াইয়ের চেয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দুই কোচের কথার লড়াই-ই বেশি জমে উঠেছিলো। আবাহনীর ইরানি কোচ আলী আকবর পুরমুসলিমির দাবি, রেফারি নিরপেক্ষ ভূমিকা পালন করেননি। তিনি বলেন, “প্রতিপক্ষ শারীরিক শক্তি প্রয়োগ করে খেলেছে। অথচ রেফারি নিশ্চুপ ছিলেন। প্রতিপক্ষ যেভাবে খেলেছে তাতে তাদের অন্তত চারজন খেলোয়াড় লাল কার্ড পেতে পারতো।” “পরিচ্ছন্ন খেলা হলে আমরা অন্তত চার গোলে জিততে পারতাম। শুধু রেফারির কারণেই তা সম্ভব হয়নি,” যোগ করেন তিনি। ভালো খেলেও জিততে না পারায় মোহামেডানের নাইজেরীয় কোচ এমেকা ইউজিগো হতাশ নন। তিনি বলেন, “খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি খুশি। তারা অনেকগুলো সুযোগ নষ্ট করেছে। তারপরও তারা ভালো খেলেছে বলে আমি সন্তুষ্ট ।” “ধীরে-ধীরে আমাদের দলের খেলায় উন্নতি হচ্ছে। তাই খুব ভালো লাগছে,” যোগ করেন তিনি। আবাহনীর কোচের অভিযোগ খন্ডন করে এমেকা বলেন, “আধুনিক ফুটবলে শারীরিক শক্তি প্রয়োগ করে খেলা কৌশলের অংশ। এ নিয়ে অভিযোগ করার কিছু নেই। এটা তো মহিলা ফুটবল নয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯১৮ঘ.