২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরামে থাকতে চান ক্যাপেলো

কোচের দায়িত্ব নিয়ে ইতালি ফেরার বদলে আরামে দিন কাটানোর পরিকল্পনা করেছেন ফ্যাবিও ক্যাপেলো। এদিকে ইংল্যান্ড কোচের দায়িত্ব ছেড়ে দেয়ার জন্য তিনি ‘ভুল বোঝাবুঝি’কে দায়ী করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 06:44 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোচের দায়িত্ব নিয়ে ইতালি ফেরার বদলে আরামে দিন কাটানোর পরিকল্পনা করেছেন ফ্যাবিও ক্যাপেলো। এদিকে ইংল্যান্ড কোচের দায়িত্ব ছেড়ে দেয়ার জন্য তিনি ‘ভুল বোঝাবুঝি’কে দায়ী করেন। ইতালির এই কোচ ইংল্যান্ড ফুটবল দলের দায়িত্ব ছেড়ে দেন বুধবার। এর আগে জন টেরির অধিনায়কত্ব কেড়ে নেয় ইংল্যান্ডের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। বিভিন্ন খবরে বলা হচ্ছে, এতে ক্ষুব্ধ হন ক্যাপেলো। গত বছর অক্টোবরে কুইন্স পার্ক রেঞ্জার্সের রক্ষণভাগের খেলোয়াড় অ্যান্টন ফার্ডিনান্ডকে বর্ণবাদী শব্দ ব্যবহার করে গালি দেয়ার অভিযোগে টেরির বিরুদ্ধে মামলা চলছে। মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পালন করতে পারবেন না টেরি। তবে খেলোয়াড় হিসেবে খেলার সুযোগ তার থাকছে। চেলসির রক্ষণভাগের খেলোয়াড় টেরি নিজেকে নির্দোষ দাবি করেন। এর আগেও একবার ৩১ বছর বয়স্ক টেরির অধিনায়কত্ব কেড়ে নেয়া হয়েছিল। ইতালির একটি টেলিভিশনে ক্যাপেলো বলেন, “আমি পালিয়ে যাইনি। ভুল বোঝাবুঝির কারণে আমি সরে দাঁড়িয়েছি।” “আমি ইংল্যান্ড দলের সঙ্গে ভালোই ছিলাম। কিন্ত কখনো কখনো এমন সময় আসে, যখন আপনাকে সবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হয়,” যোগ করেন তিনি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষে জুলাইয়ে ক্যাপেলো ইংল্যান্ড দলের দায়িত্ব ছেড়ে দেয়ার পরিকল্পনা করেছিলেন। তিনি জোর দিয়ে বলেন, তিনি এখন কোচের চাকরি খুঁজছেন না। নিজের দেশে কোনো দলের কোচ হচ্ছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, “ইতালিতে নয়, অবশ্যই নয়। এই মুহূর্তে আমি আরামে থাকতে চাই।” সেরি আ’য় ক্যাপেলোর রেকর্ড কিন্তু চমৎকার। এসি মিলান, রোমা ও জুভেন্টাসের কোচ হিসেবে তিনি সাতবার লিগ শিরোপা জেতেন। তবে জুভেন্টাসের হয়ে যে দু’বার তিনি জিতেছিলেন তা কেড়ে নেয়া হয় ম্যাচ পাতানোর দায়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৩৪ ঘ.