ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেড অনায়াসে জিতেছে। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা ৪-১ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে।
এর আগে প্রথম ম্যাচে আবাহনী ৩-০ গোলে জিতেছিলো পুরনো ঢাকার দল রহমতগঞ্জের বিপক্ষে। টানা দুই জয়ে ছয় পয়েন্ট ঝুলিতে পুরেছে পেশাদার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা।
ম্যাচের ১৯ মিনিটে ঘানার মিডফিল্ডার আইডু ইব্রাহিম লক্ষ্যভেদ করেন। বাম প্রান্ত থেকে ওয়ালী ফয়সালের ক্রসে গোল মুখে জটলায় দ্বিতীয় প্রচেষ্টায় গোল করেন ইব্রাহিম (১-০)।
অবশ্য তার ঠিক আগের মিনিটেই এগিয়ে যেতে পারতো আবাহনী। ডি-বক্সের ওপর থেকে জাহিদের মাটি কামড়ানো শট আরামবাগ গোলরক্ষক বিষ্ণুর গায়ে লেগে ক্রস পিসে বাধা পেয়ে ফিরে আসায় আবাহনী গোলের দেখা পায়নি।
এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করে আকাশী-হলুদ শিবির। ২২ মিনিটে মিডফিল্ডার প্রাণতোষের থ্রু ধরে দু/তিন জনকে কাটিয়ে গোলমুখে মাইনাস করেন জাহিদ। লাকি পলের ব্যাকহিল গোলরক্ষক বিষ্ণু রুখে দেন।
খেলার ধারার বিপরীতে ২৮ মিনিটে গোল করে সমতায় ফিরে আসে আরামবাগ। নাইজেরীয় স্ট্রাইকার এলিটা কিংসলের শট তার স্বদেশী জুমেফান জোয়েলের হেড সোহেল রুখে দিলে দ্বিতীয় প্রচেষ্টায় বল জালে জড়ান কিংসলে (১-১)।
কিন্তু বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি আরামবাগ। ৩৩ মিনিটে ডান প্রান্ত দিয়ে জাহিদের মাপা ক্রসে নাইজেরীয় স্ট্রাইকার লাকি পল আলতো টোকায় আরামবাগের জালে পাঠান (২-১)।
পাঁচ মিনিট পর আরো একটি গোল পেয়ে যায় আবাহনী। ৩৮ মিনিটে ওয়ালী ফয়সালের ক্রস আরামবাগ ডিফেন্ডার দ্বীন মোহাম্মদ বিপদমুক্ত করতে ব্যর্থ হলে বল পেয়ে যান জাহিদ। গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ান তিনি (৩-১)।
প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে আবাহনীর তেমন আক্রমণের ধার ছিলো না। তবু আরো একটি গোল পেয়েছে তারা। সেজন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘক্ষণ। ৭৬ মিনিটে ডিফেন্ডার নাসিরের ক্রসে থুয়াম ফ্রাঙ্ক প্লে¬সিং শটে গোল করেন (৪-১)।
এই জয়ে আবাহনীর ইরানি কোচ আলী আকবর পুরমুসলিমি দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, “প্রথম ম্যাচের তুলনায় আমাদের খেলার অনেক উন্নতি হয়েছে। স্থানীয় ফুটবলাররা অনেক ভালো খেলেছে। জয়টাও তাই সহজে এসেছে।”
“বিশেষ করে মিডফিল্ডার আরমান আজিজ, জাহিদ হোসেন ও ডিফেন্ডার নাসিরুল ইসলাম অসাধারণ খেলেছেন এই ম্যাচে,” যোগ করেন আবাহনীর কোচ।
বড় ব্যবধানে হার মানলেও আরামবাগের কোচ জাহিদুর রহমান মিলন অসন্তুষ্ট নন। তিনি বলেন, “অনেক ভালো দলের কাছে হেরেছি আমরা। এটা হওয়াই স্বাভাবিক। কারণ আবাহনীর সঙ্গে আমাদের শক্তির ব্যবধান অনেক।”
“আবাহনীর মিডফিল্ডার জাহিদ একাই আমাদের রক্ষণভাগকে তটস্থ করে রেখেছে। তার অসাধারণ নৈপুণ্যই আমাদের হার নিশ্চিত করেছে, ”যোগ করেন আরামবাগের কোচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯১৮ঘ.
bdnews24