ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সবাইকে চমকে দিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে এক পা বাড়িয়ে রাখলো সিয়েনা। খর্ব শক্তির দল নামিয়ে ছিল তারা। তারপরও কুলিয়ে উঠতে পারেনি নাপোলি। হার মেনেছে ২-১ গোলে।
দ্বিতীয় সেমিফাইনালের প্রথম খেলায় সিয়েনার পক্ষে গোল দু’টো করেন রেগিনালদো ও গায়েতানো ডি’অগোস্তিনো। খেলার শেষ দিকে নাপোলির পক্ষে ব্যবধান কমান সিয়েনার ইমানুয়েল পেসোলি। তিনি নিজেই নিজেদের জালে বল ঢুকিয়ে দেন।
তারপরও ফাইনালে ওঠার লড়াইয়ে নাপোলিকেই ‘ফেভারিট’ মানছেন ফুটবল বিশ্লেষকরা। তারা ধরেই নিচ্ছেন নেপলসে ফিরতি খেলায় মোট গোল ব্যবধানে এগিয়ে যাবে নাপোলি।
সেরি আ’য় মোটেও সুবিধা করতে পারছে না সিয়েনা। ২১ খেলায় ২০ পয়েন্ট নিয়ে দলটি আছে ১৭ নম্বরে। তারপরও তারা তাদের প্রথম একাদশের বেশ কয়েক জন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিল। অথচ নাপোলি মাঠে নামিয়েছিল পূর্ণ-শক্তির দল।
আক্ষরিক অর্থেই, সিয়েনার খেলায় ফুটে উঠেছিল জয়ের প্রচণ্ড ক্ষুধা। সেই সঙ্গে খেলোয়াড়রাও ছিলেন এক সূতোয় গাঁথা। ফলে জয় তাদের প্রাপ্যই ছিল।
প্রথম সেমিফাইনালের প্রথম খেলায় বুধবার জুভেন্টাস একই ব্যবধানে জেতে এসি মিলানের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২০৬ ঘ.
bdnews24