ঢাকা, ফেব্র“য়ার ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে সাত পয়েন্টের পার্থক্য রয়েই গেল। লিওনেল মেসির কুশলী ফুটবলের ওপর ভর করে শনিবার লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে তারা ২-১ গোলে। আর গেতাফের বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল মদ্রিদ।
রিয়ালের পক্ষে গোলটি করেন সার্জিও রামোস, খেলার ১৮ মিনিটে।
এদিকে ভালেন্সিয়ার বিপক্ষে কিংস কাপের সেমিফাইনালের ফিরতি খেলার কথা মাথায় রেখে দলের নিয়মিত প্রথম একাদশের তিন খেলোয়াড়ের বদলে মাঠে নামান বি দলের জনাথন সান্তোস, ক্রিস্টিয়ান টেল্লো ও ইসাক কুয়েঙ্কাকে। আর মাঝমাঠে সেস ফ্যাব্রেগাস নেন প্লেমেকারের ভূমিকা।
ন্যু ক্যাম্পে খেলার নয় মিনিটে দলকে এগিয়ে নেন ২০ বছর বয়সী টেল্লো। ৭২ মিনিটে দানিয়েল আলভেসের ক্রস জালে পাঠিয়ে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন মেসি। এটি ছিল তার ২৩ তম গোল। শীর্ষ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে পিছিয়ে আছেন তিনি এক গোলে।
দুই মিনিট পর এক গোল শোধ করেন কার্লোস ভেলা।
খেলা শেষে সংবাদ সম্মেলনে সোসিয়েদাদ কোচ ফিলিপ্পে মন্তেইনার বলেন, মেসিই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছেন।
“মেসি রীতিমতো জাদুকর। তিনি মাঠে থাকলে যে কোনো কিছু ঘটে যেতে পারে,” যোগ করেন তিনি।
দিনের অন্য খেলায় মালোর্কা ১-০ গোলে রিয়াল বেটিসকে হারায়। অ্যাথলেটিক বিলবাও ও এসপানিওলের খেলা ৩-৩ এবং লেভান্তে ও রেসিং সান্তান্দারের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
রিয়াল ২১ খেলায় ৫৫ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। সমান খেলায় বার্সা আছে সাত পয়েন্ট পিছিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১১৭ ঘ.
bdnews24