ঢাকা, ফেব্র“য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষে যাওয়ার সুযোগ পেয়েও তাকে কাজে লাগাতে পারেনি এসি মিলান। বুধবার লাৎসিও’র সঙ্গে ২-০ গোলে ড্র করে যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। এদিকে দিয়েগো মিলিতোর চার গোলের ওপর ভর করে তাদের নগর প্রতিপক্ষ ইন্টার মিলান ৪-৪ গোলে ড্র করে পালের্মোর সঙ্গে।
অবিরাম বরফ পড়ায় আগের দিন মঙ্গলবার পার্মার সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষ দল জুভেন্টাসের খেলা স্থগিত হয়ে যাওয়ায় মিলানের সামনে সুযোগ সৃষ্টি হয় এগিয়ে যাওয়ার। মাঠে নামার আগে এক পয়েন্ট পিছিয়ে থাকায় ড্র করলেও ছুঁয়ে ফেলতে পারতো তারা জুভেন্টাসকে।
স্তাদিও অলিম্পিকোয় ড্র-এর দিকেই এগোচ্ছিল খেলা। কিন্তু ৭৬ মিনিটে লাৎসিও’র ব্রাজিলের ‘প্লেমেকার’ হার্নানেস এগিয়ে নেন দলকে। জয় নিশ্চিত করেন অধিনায়ক তোমাসো রোচ্চি ৮৫ মিনিটে। ১৪ বছরের মধ্যে এটিই ছিল মিলানের বিপক্ষে রোমের ক্লাবটির প্রথম জয়।
সান সিরোতে ইন্টারের পক্ষে গোল চারটি করেন মিলিতো, খেলার ২২, ৫৫, ৬১ ও ৬৯ মিনিটে। এর মধ্যে ৫৫ মিনিটের গোলটি দেন মিলিতো পেনাল্টি থেকে।
আর পালের্মোর চার গোলের তিনটিই আসে ফ্যাব্রিজিও মিকোলির পা থেকে। গোল তিনটি দেন তিনি ৫২, ৬৬ ও ৮৫ মিনিটে। তবে ১৭ মিনিটে গোলের দুয়ার খুলে দেন আন্দ্রেয়া মান্তোভানি।
মাঠের বিভিন্ন জায়গা ছিল বরফে ঢাকা। এই বরফের কারণেই বোলোনা-ফিওরেন্টিনা, সিয়েনা-কাতানিয়া ও আটলান্টা-জেনোয়া খেলা স্থগিতে রাখা হয়।
দিনের অন্য দুই খেলায় উদিনেস ২-১ গোলে লেসকে ও কালিয়ারি ৪-২ গোলে এএস রোমাকে হারায়।
জুভেন্টাসের পয়েন্ট ২০ খেলায় ৪৪। এক ম্যাচ বেশি খেলে মিলানের ৪৩, উদিনেসের ৪১, লাৎসিও’র ৩৯ ও ইন্টারের ৩৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৪১ ঘ.
bdnews24