ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুরুটা একদমই ভালো হয়নি বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগের উদ্বোধনী ম্যাচে বিজেএমসি ৩-১ গোলে হারিয়েছে সদ্য ফেডারেশন কাপ জয়ী শেখ জামালকে।
ফেডারেশন কাপের ফাইনালে এই শেখ জামালের কাছে একই ব্যবধানে হেরেছিল বিজেএমসি। ২৭ বছর পর ফুটবলে ফেরা দলটি তাই শুভ সূচনার পাশাপাশি নির্মম প্রতিশোধও নিয়েছে।
বুধবার হেরে গেলেও ম্যাচের শুরুতে প্রথম গোলটি করে শেখ জামাল। ষষ্ঠ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার কেস্টার আখন লক্ষ্যভেদ করেন। ফেমি অরুনিমির ফ্রিকিকে হেড করে তিনি গোলটি করেন (১-০)।
২৮ মিনিটে ক্যামেরুনের মিডফিল্ডার জুলস ইকাঙ্গা বিজেএমসিকে সমতায় ফেরান। আব্দুল রশিদের কর্নার থেকে গিনির স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরার হেড গোল লাইন থেকে ফিরিয়ে দেন শেখ জামালের ডিফেন্ডার ইউসুফ। তবে ইকাঙ্গার আলতো শট কেউ ফেরাতে পারেনি (১-১)।
৩৮ মিনিটে একটুর জন্য গোল পায়নি বিজেএমসি। আবুলের ফ্রিকিক থেকে বাঙ্গুরার হেড পোস্ট ঘেষে চলে যায় বাইরে।
৪২ মিনিটে আবার রক্ষা পায় শেখ জামাল। বাঙ্গুরার পাস থেকে অজাগুন আব্দুল রশিদের লব ঠেকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন শেখ জামালের গোলরক্ষক পিরু। তবে ফাঁকা পোস্টের সামনে থেকে ডিফেন্ডার মিশু রক্ষা করেন দলকে।
প্রথমার্ধে তাই আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে এগিয়ে যাওয়ার সুযোগও হাতছাড়া করে বিজেএমসি। ৫০ মিনিটে বক্সের মধ্যে বাঙ্গুরাকে শেখ জামালের ডিফেন্ডার ইউসুফ ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। কিন্তু পেনাল্টি থেকে বাঙ্গুরা গোল করতে ব্যর্থ হলে হতাশায় পুড়তে হয় নবাগতদের।
তবে তাতে দমে যায়নি বিজেএমসি। ৬০ মিনিটে খোকন দাসের অসাধারণ এক গোল এগিয়ে দেয় তাদের। ডি-বক্সের বাইরে থেকে আচমকা শটে পিরুকে পরাস্ত করেন খোকন (২-১)।
দশ মিনিট পর বাঙ্গুরা গোল করে পেনাল্টি মিসের দুঃখ ভোলার পাশাপাশি জয়ও নিশ্চিত করেন শেখ জামালের। মাঝমাঠে বল পেয়ে দ্রুতগতিতে বক্সের মধ্যে ঢুকে পড়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন বাঙ্গুরা (৩-১)। শেখ জামালের ডিফেন্ডার ইসা অনেক চেষ্টা করেও তাকে ঠেকাতে পারেননি।
লিগের প্রথম ম্যাচে শুধু হারের দুঃখ নয়, লাল কার্ড পাওয়ার লজ্জাও শেখ জামালের সঙ্গী হয়েছে। ৬৫ মিনিটে বিজেএমসির ডিফেন্ডার বাইবেককে ফাউল করার অপরাধে নাইজেরীয় স্ট্রাইকার আসোগবা অ্যালেনকে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয়।
এই হারে শেখ জামালের কোচ সাইফুল বারি টিটু স্বাভাবিকভাবেই হতাশ। তার মতে দলের প্রতিটি বিভাগের চরম ব্যর্থতার জন্য হারতে হয়েছে গতবারের চ্যাম্পিয়নদের। তিনি বলেন, “শুরুতে অনেকগুলো সুযোগ হাতছাড়া করায় আমরা পিছিয়ে পড়েছি। এই সুযোগে প্রতিপক্ষ আমাদের ওপর চেপে বসেছে। যা পরে আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।”
“বিজেএমসির দুই স্ট্রাইকার রশিদ ও বাঙ্গুরা আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। আমাদের ডিফেন্ডাররা তাদের রুখতে ব্যর্থ হয়েছে। নিয়মিত অধিনায়ক আমিনুলের অভাবও বোধ করেছি ভীষণভাবে,” যোগ করেন টিটু।
বিজেএমসির কোচ জাকারিয়া বাবু এই জয়কে প্রতিশোধ বলে মনে করেন না । তিনি বলেন, “ফেডারেশন কাপের ফাইনালে আমাদের ফিনিশিংয়ে অনেক ঘাটতি ছিল। এই ম্যাচে তা হয়নি। তাই জয়টা সহজ হয়েছে।”
“আমি কখনোই আত্মবিশ্বাস হারাইনি। আমার বিশ্বাস ধারাবাহিকতাটা পুরো লিগে আমরা ধরে রাখতে পারবো,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১২ঘ.
bdnews24