ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে এগিয়েই চলেছে চেলসি। শনিবার নরউইচ সিটিকে ৪-১ গোলে হারিয়ে ৭ খেলায় ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই দলটি। দিনের অন্য ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনালও।
স্ট্যামফোর্ড ব্রিজে খেলার ধারার বিপরীতে ১১ মিনিটে গ্রান্ট হোল্টের গোলে এগিয়ে যায় নরউইচ। মিনিট তিনেক পর ফার্নান্দো তরেসের গোলে সমতা ফেরায় ইউরোপ সেরার মুকুটধারী ক্লাবটি।
২২ মিনিটে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের গোলে এগিয়ে (২-১) যায় চেলসি। ৩১ মিনিটে এডেন হ্যাজার্ডের গোলে হয়ে যায় ৩-১। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে ব্রানিস্লাভ ইভানোভিচের গোল স্বাগতিকদের সহজ জয় নিশ্চিত করে।
টানা তৃতীয় এই জয়ের ফলে চার পয়েন্টে এগিয়ে গেল চেলসি। এই হারে ১৯ নম্বরে নেমে এসেছে নরউইচ।
সান্ডারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ৭ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি।
আলেক্সান্ডার কোলারভ, সার্জিও আগুয়েরো ও জেমস মিলনারের গোলে সহজেই সান্ডারল্যান্ডকে হারিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন ম্যান সিটি।
বক্সের ঠিক বাইরে থেকে কোলারভের ফ্রিকিক থেকে ৪ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। পাবলো জাবালেতা, কার্লোস তেভেজ ও মিকাহ রিচার্ডস একটি করে সুযোগ হাতছাড়া না করলে প্রথমার্ধেই বড় ব্যবধানে এগিয়ে যেতে পারতো ম্যান সিটি।
খেলার বয়স ঘন্টা পেরেুনোর আগেই কোলারভের ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন আগুয়েরো। খেলা শেষ হওয়ার মিনিট দুয়েক আগে ফ্রিকিক থেকে মিলনারের গোল স্বাগতিকদের সহজ জয় নিশ্চিত করে।
লন্ডন ডার্বিতে ওয়েস্ট হাম ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে ৭ খেলায় ১২ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে আর্সেনাল। সমান খেলায় এগারো পয়েন্ট নিয়ে আটে নেমে গেছে ওয়েস্ট হাম।
খেলার ফল দেখে বোঝার উপায় পিছিয়ে পড়ে তিন পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে গানারদের কতটা ঘাম ঝড়াতে হয়েছে। মোহাম্মদ দিয়ামির ২০ মিনিটের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার মিনিট চারেক আগে গিরডের গোলে খেলায় সমতা ফেরায় অতিথিরা।
লুকার পোডলস্কির বদলি নেমে ৭৬ মিনিটে থিও ওয়ালকটের গোলে এগিয়ে (২-১) যায় আর্সেনাল। ৬ মিনিট পর কাজরলার গোলে ব্যবধান আরো বাড়ায় অতিথিরা। শেষ ৮ মিনিটে খেলায় সমতা ফেরানোর অন্তত দুটি সুযোগ পেয়েছিল ওয়েস্ট হাম। কিন্তু কোনবারই ম্যানোনিকে পরাস্ত করতে পারেননি স্বাগতিক দলের স্ট্রাইকার টেলর।
দিনের অন্য ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সকে ৩-২ গোলে হারিয়েছে ওয়েস্ট ব্রমউইচ আলবিয়ন। উইগান অ্যাথলেটিকের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে এভারটন। একই ফল সোয়ানসি ও রিডিংয়ের খেলায়ও। ১৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ব্রমউইচকে পেছনে ফেলে তিন নম্বরে রয়েছে এভারটন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০৩১ ঘ.
bdnews24