ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার প্রস্তাব পেলে তা বিবেচনা করার প্রতিশ্র“তি দিয়েছেন ব্রায়ান রবসন। মোবাইল ফোন কোম্পানি এয়ারটেলের আমন্ত্রণে ঢাকায় এসে মঙ্গলবার বনানী সোসাইটি মাঠে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক।
এই সফরে রবসনের সঙ্গী ম্যানচেস্টার ইউনাইটেডের আরেক সাবেক তারকা ডুইট ইয়র্ক।
ম্যান ইউর দূত হিসেবে এবং প্রতিভা অন্বেষণ নিয়ে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন রবসন। তিনি বলেন, “থাইল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে ইস্তফা দেয়ার পর খুব বেশি দিন কাটেনি। আপাতত কোনো জাতীয় দলের কোচ হওয়ার চিন্তা-ভাবনা নেই। তবে প্রস্তাব পেলে ভেবে দেখবো।”
“ম্যানচেস্টার ইউনাইটেডের ভবিষ্যৎ পরিকল্পনায় বাংলাদেশের ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণ কার্যক্রম রয়েছে। যদিও এখনো তা চূড়ান্ত হয়নি। আফ্রিকার মতো এশিয়াতেও অচিরেই ম্যান ইউর প্রতিভা অন্বেষণ কার্যক্রম শুরু হবে। আশা করি সেই কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশও থাকবে,” যোগ করেন ম্যান ইউর সবচেয়ে দীর্ঘ সময়ের অধিনায়ক রবসন।
শুধু ম্যান ইউ নয়, ইংল্যান্ডের জাতীয় দলের অধিনায়কও ছিলেন তিনি। গত অগাস্টে এক জরিপে ম্যানইউর সর্বকালের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন রবসন।
৫৫ বছর বয়সী রবসন দারুণ এক রেকর্ডেরও মালিক ছিলেন। ১৯৮২ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ম্যাচেই মাত্র ২৭ সেকেন্ডে গোল করেছিলেন তিনি। দীর্ঘ ২০ বছর সেটাই ছিল বিশ্বকাপের দ্রুততম গোল। ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ১০ সেকেন্ডে গোল করে রেকর্ডটি ভেঙ্গে দেন তুরস্কের হাকান সুকুর। মিডফিল্ডার হয়েও ইংল্যান্ডের জার্সি গায়ে ৯০ ম্যাচে রবসনের গোল ২৬টি।
১৯৯৮-৯৯ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের ‘ট্রেবল’ অর্থাৎ তিনটি শিরোপা জয়ে বড় ভূমিকা রাখা ইয়র্ক ঢাকায় পা রেখেই বুঝতে পেরেছেন বাংলাদেশে ফুটবলের চেয়ে ক্রিকেট বেশি জনপ্রিয়। তিনি বলেন, “বাংলাদেশ যে ক্রিকেট পাগল জাতি তা আমি বুঝতে পারছি। আপনারা যেমন ক্রিকেটের ভক্ত আমিও তেমনি ব্রায়ান লারার ভক্ত।”
“আমি নিজেও একসময় ক্রিকেট খেলেছি। উইকেট রক্ষক ও উদ্বোধনী ব্যাটসম্যান ছিলাম। পরে কিভাবে যেন ফুটবলে চলে গেলাম,” যোগ করেন ইয়র্ক।
রবসনও ক্রিকেট খেলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েডের সঙ্গে ১৯৮০ সালে ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি।
বাংলাদেশের মানুষের আতিথেয়তায় রবসন ভীষণ মুগ্ধ। তিনি বলেন, “এই দেশের মানুষ যে এতোটা অতিথিপরায়ণ তা আমি জানতাম না। বাংলাদেশে আসতে পেরে খুবই ভালো লাগছে।”
এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে এক চুক্তিতে আবদ্ধ হয়েছে এয়ারটেল। এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিট জানিয়েছেন, “এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের এয়ারটেল গ্রাহকরা ম্যানচেস্টার ইউনাইটেডের সকার স্কুল প্রোগ্রামে অংশ নেয়ার সুযোগ পাবেন। ম্যানইউর বিশেষ ম্যাচগুলোও সরাসরি দেখার সুযোগ দেয়া হবে তাদের।”
ম্যান ইউকে কি ঢাকায় দেখা যাবে? এই প্রশ্নের জবাবে ক্রিস টবিট বলেন, “ভবিষ্যতে ম্যান ইউ ঢাকায় আসতেও পারে। তবে এ সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”
সংবাদ সম্মেলনে ম্যান ইউর ২০১০-১১ সালের ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের শিরোপা জেতা ট্রফি প্রদর্শন করা হয়। এর পর রবসন ও ইয়র্ক জাগো ফাউন্ডেশনের সুবিধা বঞ্চিত ১০ জন শিশুর সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচেও অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৭০২ঘ.
bdnews24