২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকীয় জয় দিয়ে শেষ আটে ক্লাইস্টার্স

লি নাকে নাটকীয়ভাবে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন কিম ক্লাইস্টার্স। গতবার শিরোপা জয়ের পথে ফাইনালে লি নাকেই হারিয়েছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 02:01 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লি নাকে নাটকীয়ভাবে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন কিম ক্লাইস্টার্স। গতবার শিরোপা জয়ের পথে ফাইনালে লি নাকেই হারিয়েছিলেন তিনি। রোববার গোড়ালির চোট নিয়ে চতুর্থ রাউন্ডে খেলতে নামা ক্লাইস্টার্স প্রথম সেট হেরে যান ৪-৬ গেমে। দ্বিতীয় সেটেও ৪-৫ গেমে পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়ে যান তিনি। সেখান থেকে খেলা নিয়ে যান টাইব্রেকারে। টাইব্রেকারেও ২-৬ পয়েন্টে পিছিয়ে পড়েছিলেন ক্লাইস্টার্স। অর্থাৎ ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন লি নার সামনে তখন চারটি ম্যাচ পয়েন্ট। কিন্তু চীনের প্রথম গ্র্যান্ড স্লাম বিজয়ী জিততে পারেননি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৭-৬ পয়েন্টে টাইব্রেকার জিতে নেন ক্লাইস্টার্স। এরপর তৃতীয় ও শেষ সেট ৬-৪ গেমে জিতে মেতে ওঠেন বিজয়োল্লাসে। খেলা শেষে উচ্ছ্বসিত ক্লাইস্টার্স বলেন, “আমি নিজেই নিজেকে লড়াই চালিয়ে যেতে বলছিলাম। আসলে খেলা চলার সময় কোর্টের মধ্যে কী হয় তা অন্যদের পক্ষে বোঝা সম্ভব নয়।” কোয়ার্টার ফাইনালে ক্লাইস্টার্সের প্রতিপক্ষ ক্যারোলিন ওজনিয়াকি। চতুর্থ রাউন্ডে মেয়েদের র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা ওজনিয়াকি সরাসরি ৬-০, ৭-৫ গেমে হারিয়েছেন ত্রয়োদশ বাছাই ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে। এ দুজনের সঙ্গে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা ও আগনিয়েস্কা রাদওয়ানস্কা। পুরুষ এককে শেষ আটে উঠেছেন দুই সাবেক চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। কোয়ার্টার ফাইনালে দুই মহাতারকার সঙ্গী টমাস বার্দাইচ ও হুয়ান মার্টিন দেল পোর্তো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৫৪ঘ.