ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্রকে। মঙ্গলবার অনুষ্ঠেয় ফাইনালে শেখ জামাল মুখোমুখি হবে বিজেএমসির।
শুক্রবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের বিপক্ষে একই ব্যবধানে জিতেছে প্রায় তিন দশক পর ফুটবলে ফেরা বিজেএমসি।
শনিবারের পরাজয়ে শেখ রাসেলের ফেডারেশন কাপের ফাইনালে খেলার স্বপ্ন আরো একবার অধরা থেকে গেলো। ২০০৩-০৪ মৌসুমে ঢাকার ফুটবলে আবির্ভাব হওয়া দলটি এখনো মৌসুম-শুরুর টুর্নামেন্টটির ফাইনালে খেলতে পারেনি।
গ্র“প পর্বে শেখ রাসেলের কাছে ১-২ গোলে হেরে যাওয়া শেখ জামাল হারের প্রতিশোধ নিয়ে গতবারের হতাশা ভোলারও অপেক্ষায় এখন। ফেডারেশন কাপের গত আসরের ফাইনালে আবাহনীর কাছে হার মেনেছিলো শেখ জামাল।
ফাইনালে বিজেএমসি ও শেখ জামালের উত্তরণের সুবাদে নতুন চ্যাম্পিয়নও পেতে যাচ্ছে ফেডারেশন কাপ। এত দিন মোহামেডান, আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন ও মুক্তিযোদ্ধাই শুধু শিরোপা জিততে পেরেছে এই টুর্নামেন্টের।
শনিবার গোলের দেখা পেতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয়েছে শেখ জামালকে। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে তাদের এগিয়ে দেন নাইজেরীয় স্ট্রাইকার কেস্টার আখন। পোস্ট লক্ষ্য করে কেস্টারের শট প্রদীপ বড়–য়া হাত দিয়ে ফিরিয়ে দিলে রেফারি আজাদ রহমান শুধু পেনাল্টিই দেননি, লাল কার্ডও দেখিয়েছেন শেখ রাসেলের ডিফেন্ডারকে।
দশ জন নিয়ে আর পেরে ওঠেনি শেখ রাসেল। বরং দুই মিনিট পর আরেকটি গোল করে শেখ জামাল। কেস্টার পাস থেকে আরেক নাইজেরীয় স্ট্রাইকার আসোগবা অ্যালেনের শট সাইডবারে লেগে চলে যায় জালে (২-০)। ভেঙ্গে যায় শেখ রাসেলের ফাইনালে ওঠার স্বপ্ন।
শনিবার শেখ রাসেল এক বারও শেখ জামালের ডিফেন্স ভাঙতে পারেনি। তবে তাদের মাঝমাঠ ভালো খেলেছে তুলনামূলকভাবে। বল দখলের লড়াইয়েও এগিয়েছিলো তারা।
অবশ্য ৩৩ মিনিটে শেখ রাসেলের নাইজেরীয় স্ট্রাইকার বুকোলা ওলালেকান আহত হয়ে মাঠ না ছাড়লে ম্যাচের ফল অন্য রকমও হতে পারতো। মাথায় আঘাত পাওয়া বুকোলাকে হাসপাতালে যেতে হয়েছে।
শেখ রাসেলের কোচ মারুফুল হকও বুকোলার আহত হওয়াকে হারের অন্যতম কারণ বলে মনে করছেন। তিনি বলেন, “বুকোলা যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ আমাদের দল ভালো খেলেছে। কিন্তু তিনি চলে যাওয়ার পর দল খেই হারিয়ে ফেলেছে।”
“আসলে বুকোলাকে কেন্দ্র করেই আমাদের সব পরিকল্পনা ছিলো। গ্র“প পর্বে শেখ জামালের বিপক্ষে দুটো গোলই করেছিলেন তিনি। কিন্তু তিনি মাঠ থেকে বেরিয়ে আসায় আমাদের সব পরিকল্পনা ভেস্তে যায়,” যোগ করেন শেখ রাসেলের কোচ।
শেখ জামালের কোচ সাইফুল বারী টিটু এই জয়ের পুরো কৃতিত্ব দিচ্ছেন খেলোয়াড়দের। তিনি বলেন, “প্রত্যেক খেলোয়াড় নিজের পুরোটা ঢেলে দিয়েছেন। তাই এই জয় সম্ভব হয়েছে।”
“আলাদা করে কোনো বিভাগের প্রশংসা করার কিছু নেই। প্রত্যেক বিভাগই ভালো খেলেছে,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৮ঘ.
bdnews24