২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্লাডবাখের কাছে বায়ার্ন ধরাশায়ী

শীতকালীন ছুটির পর মাঠে ফিরেই ধরাশায়ী হলো বুন্ডেসলিগার শীর্ষ দল বায়ার্ন মিউনিখ। বরুসিয়া মনচেনগ্লাডবাখের কাছে হার মানে তারা ৩-১ গোলে। গোল তিনটির দু’টো আসে প্যাট্রিক হারম্যানের পা থেকে। অন্যটি দেন মার্কো রেয়াস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2012, 05:33 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শীতকালীন ছুটির পর মাঠে ফিরেই ধরাশায়ী হলো বুন্ডেসলিগার শীর্ষ দল বায়ার্ন মিউনিখ। বরুসিয়া মনচেনগ্লাডবাখের কাছে হার মানে তারা ৩-১ গোলে। গোল তিনটির দু’টো আসে প্যাট্রিক হারম্যানের পা থেকে। অন্যটি দেন মার্কো রেয়াস। অত্যন্ত দ্রুত গতির ফুটবল খেলে প্রথম ও ফিরতি, দুই খেলায় জিতে বলতে গেলে বায়ার্নকে ধরেই ফেললো গ্লাডবাখ। ১৮ খেলায় দলটির পয়েন্ট ৩৬, বায়ার্নের চেয়ে পিছিয়ে আছে মাত্র এক পয়েন্ট। মৌসুমের উদ্বোধনী খেলায় বায়ার্ন দলটির কাছে হার মানে ১-০ গোলে। নিষিদ্ধ ফ্রাঙ্ক রিবেরির অনুপস্থিতিতে আক্ষরিক অর্থেই বায়ার্ন মেলে ধরতে পারেনি নিজেদের। দলের কোচ জুপ হেইঙ্কেস বলেন, “আমাদের খেলায় ধারের অভাব ছিল সুস্পষ্ট।” প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয় গোলই কাল হয়ে দাঁড়ায় বলে উল্লেখ করে তিনি বলেন, “কেননা এরপর আমাদের জন্য ঘুরে দাঁড়ানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে।” গ্লাডবাখের মাঠ বরুসিয়া পার্কে খেলার ১১ মিনিটে গোলরক্ষক মানুয়েল নেউয়ারের ভুলে প্রথম গোলটি হজম করতে হয় বায়ার্নকে। জায়গা থেকে অনেকটা এগিয়ে এসে মানুয়েল ভুল করে পাস দিয়ে বসেন রেয়াসকে। ত্রিশ গজ দূর থেকে ফাঁকা জালে বল পাঠিয়ে লিগে দশম গোল আদায় করে নিতে কোনো অসুবিধা হয়নি তার। দলকে বায়ার্নের নাগালের বাইরে নিয়ে যান হারমান খেলার ৪১ ও ৭১ মিনিটে দুই গোল করে। ৭৬ মিনিটে হারের ব্যবধান কেবল কমিয়ে আনেন বাস্টিয়ান শোয়েন্সটিগার। বর্তমান চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড ৩৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১২০ ঘ.