ঢাকা, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে চাপে ফেলে দিয়েছে লা লিগার শীর্ষ দল রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার জোড়া গোলের ওপর ভর করে গ্রানাদাকে শনিবার ৫-১ ব্যবধানে হারিয়ে পেপ গার্দিওলার দলের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে গেছে হোসে মরিনহোর দল।
বার্সেলোনা রোববার খেলবে এসপানিওলের সঙ্গে।
মেসুত ওজিলের কাছ থেকে বল পেয়ে খেলার ১৯ মিনিটে রিয়ালকে এগিয়ে নেন বেনজেমা। তিনি মিনিট পরই খেলায় সমতা ফেরায় গ্রানাদা। বিরতির আগে আগে কর্নার কিক মাথা দিয়ে জালে পাঠিয়ে এবার দলকে এগিয়ে নেন সার্জিও রামোস।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান গঞ্জালো হিগুয়াইন।
কিছুক্ষণ পর অনেক দূর থেকে প্রতিপক্ষের বক্সে বল ফেলেন রিয়ালের এক খেলোয়াড়। সেই বল নিয়ন্ত্রণে নিয়েই শট নেন বেনজেমা। বল ঠিকানা খুঁজে নেয় গ্রানাদার জালে। এর পরপরই পায়ে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান বেনজেমা।
দলের পঞ্চম গোলটি আসে ক্রিস্টিয়ানো রোনালদোর পা থেকে। কিন্তু গোল করার পর তাকে তার স্বভাবজাত উল্লাসে মেতে উঠতে দেখা যায়নি।
এর কারণ ব্যাখ্য করতে গিয়ে দলের সহকারী কোচ আইতোর কারাঙ্কা সাংবাদিকদের বলেন, খেলায় কোনো কিছুই রোনালদোর মন মতো হচ্ছিল না বলে তিনি নিজের ওপর রেগে গিয়েছিলেন।
বেনজেমার চোট সম্পর্কে তিনি বলেন, মারাত্মক কোনো কিছু নয়।
পারিবারিক সমস্যার কারণে মাঠে থাকতে পারেননি মরিনহো। ১৭ খেলায় ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তার দল।
দিনের অন্যান্য খেলায় রেসিং সান্তান্দার ১-০ গোলে জেতে রিয়াল জারাগোজার বিপক্ষে। এছাড়া লেভান্তে ও মালোর্কা, রিয়াল সোসিয়েদাদ ও ওসাসুনা এবং মালাগা ও আতলেটিকো মাদ্রিদের খেলা অমীমাংসিতভাবে। গোল হয়নি তিনটি খেলার একটিতেও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০১৩ ঘ.
bdnews24