ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয়বার লিভারপুলের দায়িত্ব নেয়ার প্রথম বর্ষপূর্তিতে শেষ হাসি কেনি ডাল্গলিশ হাসলেও তৃতীয় বিভাগের দল ওল্ডহ্যাম অ্যাথলেটিকের সঙ্গে খেলার প্রথম দিকে চিন্তার ভাঁজ পড়েছিল তার কপালে। শুক্রবার রাতে পিছিয়ে পড়েও তার দল জেতে ৫-১ গোলে। সেই সঙ্গে উঠে যায় এফএ কাপের চতুর্থ পর্বে।
অ্যানফিল্ডে ৩০ গজ দূর থেকে গোল করে অতিথিদের এগিয়ে নেন রবি সিম্পসন। ঠিক দুই মিনিট পর ‘¯¬ুইস-গেইট’ খুলে দেন লিভারপুলের ক্রেগ বেলামি। তারপর ওল্ডহ্যামকে ভাসিয়ে নিয়ে যায় তারা গোল-বন্যায়।
আহত থাকায় দুই মাসেরও বেশি সময় পর প্রথমবারের মতো মাঠে নেমে পেনাল্টি-কিক থেকে গোল করে স্টিভেন জেরার্ড এগিয়ে নেন লিভারপুলকে, খেলার ৪৫ মিনিটে। অক্টোবরে গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি।
লিভারপুলের মূল দলের হয়ে প্রথমবারের মতো গোল করে ব্যবধান বাড়ান তরুণ খেলোয়াড় জনজো শেলভি। জয়ের ব্যবধান বাড়ান ৮৯ মিনিটে অ্যান্ডি ক্যারল ও ৯০ মিনিটে স্টুয়ার্ট ডাউনিং। বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন দু’জনই।
গত জানুয়ারিতে দ্বিতীয়বার দায়িত্ব নেয়ার পর ডাল্গলিশের অধীনে সব ধরনের প্রতিযোগিতায় ৪৮বার মাঠে নেমে লিভারপুল জয় পেল এ নিয়ে ২৫বার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১১৭ ঘ.
bdnews24