২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ জামালের কষ্টের জয়

গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে অতি কষ্টে জিতেছে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের অন্যতম দুর্বল দল অগ্রণী ব্যাংককে ১-০ গোলে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 12:57 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে অতি কষ্টে জিতেছে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের অন্যতম দুর্বল দল অগ্রণী ব্যাংককে ১-০ গোলে হারিয়েছে তারা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ২-০ গোলে জিতেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। শেখ জামাল একদমই ঔজ্জ্বল্য ছড়াতে পারেনি। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও গোছানো ফুটবল খেলতে পারেনি তারা। মাঝমাঠ আর আক্রমণভাগের মধ্যেও তেমন সমন্বয় চোখে পড়েনি। তবে ভাগ্য ভালো, প্রথমার্ধেই গোলটা পেয়ে গেছে তারা। ২৫ মিনিটে নাইজেরীয় উইঙ্গার ফেমি অরুনামি শেখ জামালের জয়সূচক গোলদাতা। স্বদেশী অ্যাসোগবা অ্যালেনের ব্যাকভলি থেকে হেড করে গোলটি করেন তিনি। অগ্রণী ব্যাংকের গোলরক্ষক জাহাঙ্গীর আলম অবশ্য তার আগেই পরাস্ত। তাই ফাঁকা জালে বল জড়াতে সমস্যা হয়নি ফেমির। এর আগে ১৪ মিনিটে শেখ জামালের নাইজেরীয় স্ট্রাইকার ক্যাস্টার আকন আহত হয়ে মাঠ ছাড়েন। মাথায় আঘাত পেয়ে তাকে হাসপাতালে যেতে হয়েছে। তাই পরের ম্যাচে তার খেলা নিয়ে অনেকটাই সংশয়। দ্বিতীয়ার্ধে শেখ জামাল দারুণ দুটো সুযোগ পেয়েছিলো। দুটোই নষ্ট করেন ব্রাজিলীয় মিডফিল্ডার এভারটন। ৪৯ মিনিটে প্রতিপক্ষের দু/তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে ক্রসবারের ওপর দিয়ে বল বাইরে মারেন তিনি। ৫২ মিনিটে ফেমির পাস থেকেও বল জালে জড়াতে এভারটন ব্যর্থ। জিতলেও দলের খেলায় একদমই সন্তুষ্ট নন শেখ জামালের কোচ সাইফুল বারী টিটু। তিনি বলেন, “একে তো খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি খেলোয়াড়রা। তার ওপর যে কয়টি সুযোগ পেয়েছে সেগুলোও তারা কাজে লাগাতে পারেনি। তাই আমাদের পক্ষে বড় জয় পাওয়াও সম্ভব হয়নি।” “অবশ্য মাঝমাঠ নিয়ে কিছু পরীক্ষা করতে গিয়েই এই সমস্যা হয়েছে। ক্যামেরুনের মিডফিল্ডার ইমানুয়েল আইয়ুখকে বসিয়ে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে মাঝমাঠ সাজিয়েছি আমি। কিন্তু তারা আমার প্রত্যাশা পূরণ করতে পারেনি,” যোগ করেন তিনি। ভিক্টোরিয়ার বিপক্ষে শেখ রাসেলের সহজ জয়ের রূপকার নাইজেরীয় স্ট্রাইকার ভিতাস অ্যাম্বা ও ক্যামেরুনের স্ট্রাইকার সিয়ানক্যাম এমাকো। ১১ মিনিটে ভিতাস এগিয়ে দেন দলকে। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমাকো। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও বিজেএমসি। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের প্রতিপক্ষ কক্সসিটি এসসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮৪৯ঘ.