ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেডারেশন কাপের উদ্বোধনী দিনে বিজেএমসির সঙ্গে গোলশূন্য ড্র করার পর সমর্থকরা দুয়ো দিয়েছে মোহামেডানের নাইজেরীয় কোচ এমেকা ইউজিগোকে। নিজ দলের সমর্থকদের আচরণে ক্ষুব্ধ এমেকা তাদের ‘ইডিয়ট’ বলেছেন।
তিনি বলেন, “যারা এখন হইচই করছেন তারা মোহামেডানের ইতিহাস জানেন না। মোহামেডানের প্রতি আমার ভালোবাসায় কোনো খাদ নেই। ক্লাবের এখন দুর্দিন চলছে। এ সময় সমর্থকদের ধৈর্য্য ধরা উচিৎ।”
“সাফল্য আসতে সময় লাগবেই। হুট করে কোনো কিছু পাওয়া যায় না। আমার বিশ্বাস ধীরে-ধীরে দল আরো ভালো করবে। আমার সব ভাবনা জুড়ে এখন পরবর্তী ম্যাচ,” যোগ করেন এমেকা।
কোচ এত সহজে হাল না ছাড়লেও বিদেশী খেলোয়াড়দের নিয়ে একদমই সন্তুষ্ট নন মোহামেডানের অধিনায়ক হাসান আল মামুন। তিনি বলেন, “আমাদের এবারের দলের বিদেশী খেলোয়াড়রা মান সম্পন্ন নন। তাই তাদের কাছ থেকে ভালো সহায়তা পাওয়া যায়নি। অবশ্য গত কয়েক দিন দীর্ঘ সময় প্র্যাকটিসের ক্লান্তির কারণে আজ (সোমবার) পুরো দলই ভালো খেলতে পারেনি।”
মোহামেডান সমর্থকরা শুধু কোচের প্রতি দুয়োধ্বনি দেননি, ক্লাবের পরিচালক সারোয়ার হোসেন এবং ব্যবস্থাপক আমিরুল ইসলাম বাবুর প্রতিও বিষোদ্গার করেছেন। মোহামেডান সমর্থক দলের নেতা নাসির বলেন, “সারোয়ার ও বাবু যোগসাজশ করে নিুমানের বিদেশী খেলোয়াড় এনেছেন। এই খাতে তারা কমিশন খেয়েছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৯ঘ.
bdnews24