২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম পর্বেই বিদায় নিলেন কিতোভা

অঘটন দিয়েই শুরু হলো বছরের শেষ 'গ্র্যান্ড স্লাম' প্রতিযোগিতা। ইউএস ওপেনের প্রথম দিন হেরে গেছেন উইম্বলডনে মেয়েদের এককের বর্তমান চ্যাম্পিয়ন পেত্রা কিতোভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 01:47 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অঘটন দিয়েই শুরু হলো বছরের শেষ 'গ্র্যান্ড স্লাম' প্রতিযোগিতা। ইউএস ওপেনের প্রথম দিন হেরে গেছেন উইম্বলডনে মেয়েদের এককের বর্তমান চ্যাম্পিয়ন পেত্রা কিতোভা। রোমানিয়ার আলেক্সান্দ্রা দুলগেরুর কাছে ৭-৬ (৩) ও ৬-৩ গেমে হারেন চেক প্রজাতন্ত্রের কিতোভা। কিতোভাই একমাত্র খেলোয়াড় যিনি উইম্বলডন শিরোপা তুলে ধরার পর ইউএস ওপেনের প্রথম পর্বেই বিদায় নিলেন। আর যাকে হারিয়ে উইম্বলডন শিরোপা জিতেছিলেন কিতোভা সেই মারিয়া শারাপোভাও অল্পের জন্য বেঁচে গেছেন। যুক্তরাজ্যের হেথার ওয়াটসনের কাছে প্রথম সেটে হেরে গেলেও পরের দুই সেট জিতে দ্বিতীয় পর্বে পৌঁছে গেছেন শারাপোভা। এছাড়াও দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছেন ভেরা জভোনারেভা, ভেনাস উইলিয়ামস আগনিয়েস্কা রাদওয়ানেস্কা, মারিয়োন বারতোলি, সামান্থা স্তোসুর, ও ডোমিনিকা চিবুলকোভা। অন্য দিকে ছেলেদের এককে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার। তিনি ৬-৪, ৬-৩ ও ৬-২ গেমে হারান সান্তিয়াগো গিরাল্ডোকে। গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় এটি ফেদেরারের ২২৪তম জয়। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের আন্দ্রে আগাসিকে ছুঁলেন তিনি। তাদের উপর এখন আছেন শুধুমাত্র জিমি কনোর্স। যুক্তরাষ্ট্রের এই তারকা খেলোয়াড় ২৩৩টি ম্যাচ জিতেছেন। এছাড়াও প্রথম পর্বের বাধা পেরিয়েছেন গেল মনফিল্স, মার্ডি ফিশ, টমাস বার্ডিচের মত তারকারা। ছেলেদের এককে বাছাই খেলোয়াড়দের মধ্যে একমাত্র সার্বিয়ার ভিক্টর ট্রোইস্কি প্রথম পর্বের বাধা পেরুতে ব্যর্থ হন। কলম্বিয়ার আলেযান্দ্রো ফালার বিপক্ষে ৩-৬, ৬-৩, ৪-৬, ৭-৫ ও ৭-৫ গেমে হারেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৩০ ঘ.