ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিয়েগো আরমান্দো মারাদোনার সঙ্গে তুলনা একদমই পছন্দ নয় সার্জিও অ্যাগুয়েরোর। তার ভাষায়, 'মারাদোনা একজনই'।
বেশ কিছুদিন ধরেই খবরের কাগজগুলো অ্যাগুয়েরোর পেছনে দিস্তা দিস্তা পৃষ্ঠা খরচ করছে। বড় অঙ্কের অর্থের বিনিময়ে মাত্রই আতলেটিকো মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমানো আর্জেন্টিনার আক্রমণভাগের এ খেলোয়াড় প্রথম ম্যাচেই দুই গোল পেয়েছেন। যাকে বলে এসেই প্রতিভার বিচ্ছুরণ। এরপরও কোচ মানচিনি বলেছেন, এখনই তাকে মূল একাদশে জায়গা দেয়ার সময় আসেনি।
এমনিতেই আর্জেন্টিনায় নতুন কোনো প্রতিভার দেখা পেলে তাকে 'নতুন মারাদোনা' বলে ডাকার একটা হিড়িক পড়ে যায়। অ্যাগুয়েরোর বেলাতেও তাই হয়েছে। বাকি খেলোয়াড়রা কালের গর্ভে হারিয়ে গেলেও অ্যাগুয়েরোর ক্ষেত্রে তা হচ্ছে না। একেতো গত কয়েক বছর ধরে ফর্মে আছেন, তারওপর সম্পর্কে জীবন্ত কিংবদন্তী মারাদোনার জামাই তিনি। 'মারাদোনার জামাই' কথাটার সঙ্গে নতুন মারাদোনা বিশেষণটাও তার নামের পাশে লেগে থাকে।
বিরক্ত হয়ে শেষ পর্যন্ত সানডে মিররের বললেন অ্যাগুয়েরো, "মারাদোনার সঙ্গে তুলনা খুবই বিব্রতকর। মানুষ এটা কিভাবে করে? এটা অসম্মানজনক। মারাদোনা একজনই।"
"ফুটবল মাঠে তাঁর সমান কেউ নেই," যোগ করেন অ্যাগুয়েরো।
এত কথা বলার পরও পরও যেন ক্ষোভ মেটেনি অ্যাগুয়েরোর, "আমি ভালোই খেলি। তবে 'আমি নতুন মারাদোনা' এমন কথা কখনোই বলিনি। বল পায়ে তিনি (মারাদোনা) প্রতিভাবান, একজন দলনেতা এবং সতীর্থদের উদ্দীপ্ত করার ক্ষমতা রাখেন।"
"সবমিলিয়ে তিনি সর্বকালের সেরা খেলোয়াড়, জীবন্ত-কিংবদন্তী আর আমি তো শিক্ষানবীশ," বলেন অ্যাগুয়েরো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৬০১ ঘ.
bdnews24