ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছেলেবেলার ইচ্ছা পূরণ হলো আক্রমণভাগের তরুণ খেলোয়াড় রোমেলো লুকাকুর। শেষ পর্যন্ত যোগ দিতে পেরেছেন তিনি বেলজিয়ামের আন্ডারলেখ্ট থেকে ইংল্যান্ডের চেলসিতে।
ধারণা করা হচ্ছে এ জন্য চেলসির খরচ হয়েছে ২৫ মিলিয়ন ইউরোর মতো।
ওয়েস্ট ব্র"মের বিপক্ষে শনিবারের খেলায় মাঠে দেখা যাবে বেলজিয়ামের এই তরুণ খেলোয়াড়কে। গায়ে থাকবে ব্লুজদের ১৮ নম্বর জার্সি। লুকাকু জানেন, তার কাছে নতুন দলের প্রত্যাশা অনেক। আর সেই প্রত্যাশা পূরণের মতো সামর্থ্যই শুধু নয়, ইংল্যান্ডে মনের মতো একটা মৌসুম কাটাতে চান তিনি।
আন্ডারলেখ্টের হয়ে গত মৌসুমে ৩৭ খেলায় ১৮ গোল করেন ১৮ বছর বয়সী লুকাকু। দেশের পক্ষে ১০ খেলায় জালের দেখা পান দু'বার।
"আমার স্বপ্ন সত্যি হলো," পরে চেলসির ওয়েবসাইটে বেলজিয়ামের আক্রমণভাগের এই খেলোয়াড় বলেন, "আমার বয়স যখন দশ তখন থেকেই আমি এই স্বপ্ন দেখা শুরু করি। ভাবনায় ছিল জন টেরি, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও দিদিয়ের দ্রগবার মতো খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করা।"
"আসলে এতদিন ধরে যা খুঁজছিলাম, তা আমি হাতের মুঠোয় পেলাম," এরপর আর লুকোচুরি নয়, সোজাসুজি বলেই ফেলেন আসল কথাটা, "প্রথম দিন থেকেই বলে আসছিলাম যে আমি চেলসিতে খেলতে চাই।"
লুকাকুকে তূলনা করা হয় দ্রগবার সঙ্গে। সে কথা জানেনও তিনি। তবে একটা বাড়তি তথ্যও জানিয়ে দিলেন নিজের সম্পর্কে, "আমাদের খেলার ধরন একই রকম। তবে তার চেয়ে আমার গতি অনেক বেশি।"
দ্রগবার কাছ থেকে যে শিখতে চান লুকাকু, সে কথা অবশ্য গোপন করেননি। বলেন, "কিভাবে ইংল্যান্ডে খেলতে হয়, কিভাবে প্রস্তুতি নিতে হয়-এসব বিষয় তার কাছ থেকে শিখে নিতে চাই।" এ প্রসঙ্গে অভিজ্ঞ ও আক্রমণভাগের অন্য খেলোয়াড়দের কথা বলতেও ভোলেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এএনএম/১৫৩৩ ঘ.
bdnews24